সেনবাগে এক ইউপির ভোট আবার স্থগিত
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে একটি কেন্দ্রে ভোট গ্রহণ আবারও স্থগিত করা হয়েছে। ভোররাতে এক প্রার্থীর লোকজন কেন্দ্র দখল করে নেওয়ায় নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচন স্থগিত করা হয়। আজ সোমবার নোয়াখালী জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মনির হোসেন ওই কেন্দ্রে ভোট স্থগিত করার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
গত ২৮ মে নবীপুর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সে সময় এই ইউপির নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। আজ এই কেন্দ্রে আবার ভোট নেওয়ার কথা ছিল। কিন্তু ভোট গ্রহণ শুরু হওয়ার আগেই আবারও ভোট স্থগিত ঘোষণা করা হয়। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল ওহাবের লোকজন সারা রাত ধরে কেন্দ্রটি দখল করার চেষ্টা করছিলেন। ভোর চারটার দিকে তাঁরা কেন্দ্রের আশপাশের চারটি রাস্তা কেটে কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারেন।
এই কেন্দ্রে মোট ভোট ১ হাজার ৫৯৬টি। এই ইউপিতে বিএনপির প্রার্থী আমিনুল্লাহ অল্প ব্যবধানে এগিয়ে আছেন।