সেনবাগে ছাত্রলীগের অনুষ্ঠানে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগের সেবারহাট বাজারে গতকাল মঙ্গলবার ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশের ছয় সদস্যসহ কমপক্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন।

আওয়ামী লীগের অভিযোগ, ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মীরা এ হামলা চালিয়েছেন। তবে বিএনপি ও জামায়াত এই অভিযোগ অস্বীকার করেছে।

হামলাকারীরা সাতটি মোটরসাইকেল ভাঙচুর করে এবং অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বেলা তিনটার দিকে সেবারহাট বাজারে শেরেবাংলা উচ্চবিদ্যালয় মাঠে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রলীগ। বিকেল সাড়ে চারটার দিকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেক কাটার আগ মুহূর্তে দুই দল দুর্বৃত্ত বাজারের দুই দিক থেকে শেরেবাংলা উচ্চবিদ্যালয়ের ফটকে দাঁড়িয়ে থাকা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকে। হামলাকারীদের অনেকেই মুখোশ পরিহিত ছিল। তারা একের পর এক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পুলিশ শটগান থেকে পাল্টা গুলি ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। একপর্যায়ে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের ছয় সদস্যসহ কমপক্ষে ১০ জন গুলিবিদ্ধ হন।

হামলায় আহত সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন, উপপরিদর্শক (এসআই) মো. নোমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) হিমালয়, কনস্টেবল আবদুর রহিম, মো. খোকন ও মো. রহিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া যুবলীগের গুলিবিদ্ধ কর্মী সাহেদুজ্জামান সোহেল (২৬), প্রজন্ম লীগের উপজেলা কমিটির সদস্য মো. সাতিন (২৪) ও মো. রুবেলকে (২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং যুবলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক এরশাদ উল্লা ওরফে লেলিনকে (২২) ফেনীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক অভিযোগ করেন, অনুষ্ঠানের শেষ দিকে ছাত্রদল ও ছাত্রশিবিরের দুই দল কর্মী আকস্মিকভাবে দলীয় নেতা-কর্মীদের লক্ষ্য করে গুলি ও ককটেল হামলা চালায়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক বলেন, ছাত্রদল ও শিবিরের কর্মীরা পুলিশ এবং যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের ওপর হামলা চালায়। এতে ছয়জন পুলিশ সদস্য গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হন।

তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী বলেন, ছাত্রলীগের অনুষ্ঠানে কিংবা পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপি কিংবা সহযোগী সংগঠনের কারও জড়িত থাকার অভিযোগ ভিত্তিহীন।

উপজেলা জামায়াতের আমির মো. ইয়াসিন বলেন, জামায়াত-শিবিরের কোনো কর্মী এ হামলার সঙ্গে জড়িত নন।

পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াস শরীফ জানান, ঘটনার পর সেবারহাট বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের ধরতে এলাকায় অভিযান শুরু হয়েছে।