সেনবাগে প্রথম আলো পত্রিকাবাহী গাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে গতকাল মঙ্গলবার প্রথম আলো পত্রিকা বহনকারী মাইক্রোবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
স্থানীয় লোকজন জানান, দুর্বৃত্তদের হামলায় মাইক্রোবাসের চালক ইসমাইল হোসেন (৩৫), সহকারী আবুল কাশেমও (২৬) আহত হন। তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
চালক ইসমাইল জানান, নোয়াখালী ও লক্ষ্মীপুরে পত্রিকা বিলি করে চট্টগ্রামে ফেরার পথে সকাল সাতটার দিকে সেবারহাট পূর্ব বাজারে এ ঘটনা ঘটে। সাত-আটজনের একদল পিকেটার সড়কে গাছের গুঁড়ি ফেলে মাইক্রোবাসটি থামায়। এ সময় তারা নয়া দিগন্ত পত্রিকা চায়। একপর্যায়ে তাঁকে (চালক) ও সহকারীকে মারধর করে নামিয়ে দিয়ে ভাঙচুরের পর পেট্রল ঢেলে মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু হামলাকারীদের কাউকে পাওয়া যায়নি। তিনি জানান, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাইক্রোবাসের চালক থানায় সাধারণ ডায়েরি করেছেন। একই ঘটনায় পুলিশ মামলা করার প্রস্তুতি নিচ্ছে।