সেনবাগে বাজারে ডাকাতি, আটক ১
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীরপুর ইউনিয়নের কুতুবেরহাট বাজারে গত রোববার দিবাগত রাতে বেশ কিছু দোকানে ডাকাতি হয়েছে। এ ঘটনায় বাজারের একজন নৈশপ্রহরীকে আটক করা হয়েছে।
বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, রোববার দিবাগত রাত তিনটার দিকে আট-নয়জন সশস্ত্র ডাকাত কুতুবেরহাট বাজারে এসে নৈশপ্রহরী আলাউদ্দিন ও আবদুল হকের হাত-পা বেঁধে ফেলে। এরপর ডাকাতেরা দোকানে লুটপাট শুরু করে।
বেলাল হোসেন জানান, ডাকাতিতে বাধা দিলে ডাকাতেরা ব্যবসায়ী বাহাদুরকে পিটিয়ে আহত করে। ডাকাতেরা ২০টি দোকানের শাটারের তালা ভেঙে টাকা ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে। একপর্যায়ে বাজারের মাইকে ডাকাতির কথা প্রচার করা হলে ডাকাতেরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।
কুতুবেরহাটের কাছাকাছি এলাকার বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, ভোর চারটার দিকে তিনটি মোটরসাইকেলযোগে আট-নয়জন যুবক ওই পথ দিয়ে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। এ সময় তিনি অল্পের জন্য রক্ষা পান। পরে ওই যুবকেরা কবিরহাট সড়কের দিকে পালিয়ে যায়।
ব্যবসায়ীদের দাবি, ডাকাতেরা দোকানগুলো থেকে ১০-১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন উর রশিদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০টি নয়, ১০-১২টি দোকানে ডাকাতি হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে বাজারের নৈশপ্রহরী আলাউদ্দিনকে আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।