সেনবাগে ভোররাতে রাস্তা কেটে কেন্দ্র দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোটকেন্দ্রের আশপাশের এলাকায় সুপেয় পানির ব্যবস্থা নেই। তাই আনসার সদস্যরা দুর্গম এলাকা থেকে কলসি ভরে পানি নিয়ে কেন্দ্রে যাচ্ছেন। ছবিটি গতকাল সকালে খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি এলাকা থেকে তোলা l প্রথম আলো
ভোটকেন্দ্রের আশপাশের এলাকায় সুপেয় পানির ব্যবস্থা নেই। তাই আনসার সদস্যরা দুর্গম এলাকা থেকে কলসি ভরে পানি নিয়ে কেন্দ্রে যাচ্ছেন। ছবিটি গতকাল সকালে খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি এলাকা থেকে তোলা l প্রথম আলো

নোয়াখালীর সেনবাগে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে দুটি কেন্দ্রের ভোট গ্রহণ আবারও স্থগিত করা হয়েছে। ভোট শুরুর আগেই ভোররাতে রাস্তা কেটে কেন্দ্র দখল এবং ভোট চলাকালে ব্যালট ছিনিয়ে নিয়ে ব্যালটে সিল মারার ঘটনায় ওই দুই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সেনবাগসহ জেলার ৮টি উপজেলার ৪৮টি ইউনিয়নের ১৩৩টি কেন্দ্রের ভোট গ্রহণ গতকাল অনুষ্ঠিত হয়। সেনবাগ উপজেলার দুটি ছাড়া বাকি ১৩১টি কেন্দ্রের ভোট গ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ নুরুল আমিন প্রথম আলোকে বলেন, ভোটের আগের দিন (রোববার) রাত ১২টার পর থেকে অচেনা লোকজন কেন্দ্রের আশপাশে ভিড় করতে থাকে। এ সময় আশপাশের এলাকা থেকে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাত ১২টার পর এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষের লোকজন এসে তাঁদের ব্যালট পেপার দিয়ে দিতে বলেন। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।
নুরুল আমিন বলেন, রাতে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে এলে তিনি তাদের কেন্দ্রে রেখে দেন। কিন্তু তাতেও কাজ হয়নি। ভোররাত পৌনে পাঁচটার দিকে কয়েক শ লোক একসঙ্গে কেন্দ্রে ঢুকে ব্যাপক ককটেল ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে। একপর্যায়ে ওই ব্যক্তিরা তাঁকে জিম্মি করে ব্যালট পেপার ছিনিয়ে নেয় এবং আনারস প্রতীকে সিল মেরে তা বাক্সে ঢুকিয়ে দেয়। সকালে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে কেন্দ্রটির ভোট স্থগিত করেন।
কেন্দ্রে দায়িত্বরত এএসআই মো. ইলিয়াছ বলেন, কেন্দ্রে হামলা চালাতে দেখে প্রথমে তাঁরা ১০টি ফাঁকা গুলি করেন। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। একপর্যায়ে পুলিশের ১২ সদস্যকে সাত-আট শ লোক অস্ত্রের মুখে জিম্মি করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারে।
তবে ঘটনার সঙ্গে নিজের লোকজনের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করে আনারস প্রতীকের প্রার্থী আবদুল ওহাব বলেন, আওয়ামী লীগের প্রার্থী বেলায়েত হোসেন তাঁর ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে লোকজন দিয়ে ওই ঘটনা ঘটান।
বেলায়েত হোসেন বলেন, আবদুল ওহাব নিজে উপস্থিত থেকে ভোটকেন্দ্রে আসার পথের রাস্তা কাটিয়েছেন এবং ভোররাতে কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মেরেছেন।
নলদিয়া কেন্দ্রে যাতায়াতের রাস্তা কেটে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী।
এদিকে বেলা ১১টার দিকে সেনবাগ উপজেলার রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে একদল দুর্বৃত্ত কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এরপর তারা সাধারণ সদস্যের প্রায় ৪০-৫০টি ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে ফুটবল প্রতীকে সিল মারে। এ ঘটনায় কিছুক্ষণের জন্য কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। পরে আবার ভোট গ্রহণ শুরু হয়। বিকেলে ভোট গণনা চলাকালে ইউএনও শারমিন আলম গিয়ে ওই কেন্দ্রের ভোট স্থগিত করার বিষয়টি জানান বলে উল্লেখ করেছেন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা তাপস চন্দ্র দাস।