সেনবাগে স্কুলছাত্রীর ছবির সঙ্গে নগ্ন ছবি যুক্ত, যুবকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক স্কুলছাত্রীর ছবির সঙ্গে নগ্ন ছবি জুড়ে দিয়ে মুঠোফোনে সংরক্ষণ ও প্রচারের দায়ে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উদয়ন দেওয়ান গতকাল সোমবার বিকেলে তাঁর কার্যালয়ে আদালত বসিয়ে ওই যুবককে কারাদণ্ড দেন। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন তিনি।
দণ্ড পাওয়া ওই যুবকের নাম নিজাম উদ্দিন (২০)। তিনি উপজেলার কেশাপাড় ইউনিয়নের আটিয়াবাড়ি এলাকার বাসিন্দা।
ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নিজামকে দণ্ডাদেশ দেওয়ার কথা নিশ্চিত করেন। পরে নিজামকে সেনবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আজ মঙ্গলবার তাঁকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হবে।
আদালত সূত্রে জানা গেছে, নিজাম উদ্দিন বেশ কিছুদিন ধরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করতেন। কয়েক দিন আগে নিজাম ওই ছাত্রীর ছবি সংগ্রহ করে তা কেটে ছাত্রীর মাথার সঙ্গে নগ্ন ছবি যুক্ত করে নিজের মুঠোফোনে সংরক্ষণ এবং তা প্রচার করেন।
এ ঘটনার পর ছাত্রীর পরিবার ইউএনওর কাছে লিখিত অভিযোগ করে। ইউএনও গতকাল দুপুরে পুলিশ পাঠিয়ে ওই যুবককে আটক করে কার্যালয়ে এনে মুঠোফোনে নগ্ন ছবি সংরক্ষণের সত্যতা পান। আদালতে নিজের দোষ স্বীকার করেন নিজাম। এরপর আদালত তাঁর বিরুদ্ধে কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন।