সেনা ও এসএসএফ পরিচয়ে প্রতারণা, তিনজন গ্রেপ্তার
কুড়িগ্রামে সেনা কর্মকর্তা ও এসএসএফ পরিচয়ে চাকরির দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার শহরের ঘোষপাড়ায় অবস্থিত ডিকে আবাসিক হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
তাঁরা হলেন চাঁদপুরের কচুয়ার পাড়াগাঁও রহিমগড় গ্রামের তোহা হোসাইন, চট্টগ্রাম হাটহাজারীর বাসিন্দা আলমগীর হোসেন ও লক্ষ্মীপুরের রায়পুরের হারুন অর রশীদ।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারক চক্রটি তোহা হোসাইনকে এসএসএফের সেকেন্ড লেফটেন্যান্ট সাজিয়ে স্থানীয় দুজন এজেন্টের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার নামে একজনের কাছ থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তী সময়ে অপর একজনের কাছে থেকে টাকা নেওয়ার সময় তাঁর সন্দেহ হলে তিনি পুলিশকে বিষয়টি জানান। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রামের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মাসুদ আলম বলেন, এ ব্যাপারে সদর থানায় পুলিশ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।