সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত, অস্ত্র উদ্ধার
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে রমেশ চাকমা ওরফে সুপ্রিম (৩২) নামের এক সন্ত্রাসী নিহত হয়েছে। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর বাঘাইহাট জোনের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার সিদ্দিকী বলেন, ‘আমাদের ১৫ জনের একটি নিয়মিত টহল দল গতকাল মাসালং থেকে বাঘাইহাট-সাজেক সড়কের পাশের টাইগার টিলা ক্যাম্পের দিকে আসছিল। বেলা পৌনে একটার দিকে এগুজ্জেছড়ি এলাকায় ইউপিডিএফের ১০-১২ জন সশস্ত্র সদস্যের মুখোমুখি হয় টহল দলটি। এ সময় ইউপিডিএফের সন্ত্রাসীরা প্রথমে গুলি চালায়। তবে সেনাবাহিনীর সদস্যরা পাহাড়ের ওপরের অংশে থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। একপর্যায়ে সেনাবাহিনী পাল্টা গুলি চালায়। দুপক্ষের মধ্যে থেমে থেমে প্রায় বেলা দুইটা পর্যন্ত গুলিবিনিময় হয়। এ সময় ক্যাপ্টেন ফেরদৌস হোসেন ভূঁইয়ার নেতৃত্বে আরও একটি দল সেখানে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।’ তিনি জানান, পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে সেনাবাহিনীর পোশাক পরা এক ব্যক্তির লাশ ও একটি এসএমজি উদ্ধার করে। ওই এসএমজির ভেতরে ১৫টি এবং নিহত ব্যক্তির কোমরে ২৫টি গুলি পাওয়া যায়। ঘটনাস্থল থেকে দুটি মুঠোফোন উদ্ধার করা হয়। এ ছাড়া একটি সবুজ ব্যাগে ইউপিডিএফের বিভিন্ন সাংগঠনিক হিসাবপত্র পাওয়া যায়।
আলী হায়দার সিদ্দিকী জানান, সংঘর্ষের সময় সেনাবাহিনী ৪৫০টি গুলি ছুড়েছে। তাদের গুলিতে সন্ত্রাসী দলের আরও দু-তিনজনের আহত হওয়ার আলামত পাওয়া গেছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, সেনাবাহিনী পুলিশের কাছে লাশ হস্তান্তর করেছে। নিহত ব্যক্তির পরিচয়ও পাওয়া গেছে। তিনি জানান, নিহত রমেশ চাকমার বাড়ি সাজেক ইউনিয়নের এগুজ্জেছড়ি এলাকার গোলকমাছড়া গ্রামে।
ইউপিডিএফের তথ্য বিভাগের প্রধান নিরন চাকমা বলেন, যাদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি হয়েছে, তারা ইউপিডিএফের কেউ নয়। কারণ, ইউপিডিএফের কোনো সশস্ত্র সদস্য নেই। তাঁর অভিযোগ, ইউপিডিএফের গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত করতে এসব অপপ্রচার চালানো হচ্ছে।