সেনাবাহিনী-বিজিবির ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২
সেনাবাহিনী ও বিজিবির ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণা করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার কাপ্তানবাজার এলাকায় অভিযান চালিয়ে আবদুস সাত্তার (৬২) ও ফারুক হোসেন নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৩ এর একটি দল অভিযানে অংশ নেয়। প্রতারণার শিকার ব্যক্তিরা র্যাব-৩ এর কাছে অভিযোগ করেন, একটি প্রতারক চক্র দেশের বিভিন্ন জেলার লোকদের সেনাবাহিনীর সৈনিক ও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে তিন থেকে পাঁচ লাখ আদায় করছে। এই তথ্যের ভিত্তিতে সাত্তার ও ফারুক নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে র্যাব। অভিযানের সময় সাঈদসহ অজ্ঞাত ব্যক্তিরা পালিয়ে যান।
প্রার্থীদের বিশ্বাস অর্জনের জন্য ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় বিভিন্ন গোপনীয় স্থানে নিয়ে প্রার্থীদের লিখিত পরীক্ষা ও মেডিকেল চেকআপ সম্পন্ন করে নিয়োগপত্র দেয় প্রতারক চক্র।