নড়াইলের লোহাগড়ায় এক তরুণীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনার মূল আসামি সেনাসদস্য শফিকুল শেখসহ মোট ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার সন্ধ্যায় সিলেট মহানগরের শাহ্ পরান (রহ.) পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ওই এলাকা থেকে শফিকুলকে গ্রেপ্তার করেন। ওই রাতেই শফিকুলকে মামলার তদন্ত কর্মকর্তা লোহাগড়া থানার এসআই নজরুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
এ ছাড়া সোমবার রাতে শফিকুলের বাবা ছালাম শেখ, ভাই হাসান শেখ এবং প্রতিবেশী নান্নু মোল্লাকে গোপালগঞ্জের কাশিয়ানী এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। এর আগে শফিকুলের চাচা কালাম শেখ ও হিরু শেখকে গ্রেপ্তার করা হয়। এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগের নেতা আজিজুর রহমান ও শফিকুলের মা জিরিন আক্তার পলাতক।
শালবরাত গ্রামের সেনাসদস্য শফিকুল শেখের সঙ্গে এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। ২০১৩ সালের ২১ নভেম্বর তাঁদের বিয়ে হয়। এ বিয়ে মেনে নেয়নি শফিকুলের পরিবার।
একপর্যায়ে শফিকুলও মেয়েটিকে এড়িয়ে চলতে শুরু করেন। এ অবস্থায় ওই তরুণী ৩০ এপ্রিল শফিকুলদের বাড়িতে গেলে তাঁকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। এ ঘটনায় ৫ মে মেয়েটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শফিকুলসহ সাতজনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, শফিকুলসহ চার আসামিকে মঙ্গলবার (গতকাল) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শফিকুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেছেন, ওই তরুণীকে তিনি কখনো বিয়ে করেননি। তবে তিনি বিবাহিত। তাঁর শ্বশুরবাড়ি কাশিয়ানী উপজেলার রাজপাট গ্রামে।