সেনাসদস্যকে মারধরের মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে সেনাসদস্যকে পেটানোর অভিযোগে দায়ের করা মামলায় উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জিকো আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। নীলফামারীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আকরাম হোসেনের আদালতে গতকাল মঙ্গলবার দুপুরে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১২ অক্টোবর কাপ্তাই সেনানিবাস থেকে বদলি হয়ে সৈয়দপুর সেনানিবাসের সদর দপ্তর ২২২ পদাতিক ব্রিগেডে যোগদানের জন্য সৈয়দপুরে আসেন ওয়ারেন্ট কর্মকর্তা মফিজুর রহমান। তিনি তাঁর সঙ্গে আনা মালামাল তুলতে শহরের জিকরুল হক সড়কে অবস্থিত এসএ পার্সেল অফিসে যান। পার্সেলের গাড়ি আসতে বিলম্ব হওয়ায় বিশ্রামের জন্য পার্সেল অফিসের পাশে থাকা ইউপি চেয়ারম্যান জিকো আহমেদের মালিকানাধীন জসিম বিল্ডিংয়ে সৈয়দপুর রেস্টহাউসের দ্বিতীয় তলার একটি কক্ষ ভাড়া নেন। ওই দিনই বেলা তিনটার দিকে ইউপি চেয়ারম্যান জিকো আহমেদের নেতৃত্বে তাঁর বাবা, ছোট ভাইসহ আটজন মফিজুরের কক্ষে প্রবেশ করে তাঁর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ধারালো অস্ত্র দিয়ে মফিজুরকে গুরুতর জখম করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা ৮ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেন জিকো ও তাঁর লোকজন। মফিজুরের চিৎকারে আশপাশের লোকজন থানায় খবর দিলে পুলিশ এসে গুরুতর আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে এবং সৈয়দপুর সেনানিবাসে খবর দেয়। পরের দিন ১৩ অক্টোবর মফিজুর বাদী হয়ে জিকো আহমেদ, তাঁর ছোট ভাই জসি আহমেদ, বাবা জোবায়দুল হকসহ আটজনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল আউয়াল ২০১৪ সালের ৩ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার পর থেকে জিকো আহমেদ পলাতক থাকলেও মামলার অন্য আসামিরা জামিনে আছেন।
আদালতের জিআরও আমিনুল ইসলাম বলেন, জিকো গতকাল দুপুরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।