সেনাসদস্যকে লাঞ্ছনা, দুই পুলিশ প্রত্যাহার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গত শুক্রবার বেসামরিক পোশাকে থাকা এক সেনাসদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে পুলিশের দুই সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাঁদের কুষ্টিয়া পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।
প্রত্যাহার হওয়া পুলিশের সদস্যরা হলেন দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল আলম ও কনস্টেবল আল মামুন।
থানা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে দৌলতপুরের গড়বাড়িয়া গ্রামের বাসিন্দা সেনাসদস্য মো. মুস্তাকিম (২৪) ও তাঁর দুই বন্ধু মোটরসাইকেলে করে দৌলতপুর শহরে যাচ্ছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে থানার পুলিশের পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এরপর মুস্তাকিমসহ তিনজনকে থানায় নেওয়া হয়। খবর পেয়ে মুস্তাকিমের পরিবারের লোকজন মুচলেকা দিয়ে তাঁদের ছাড়িয়ে নিয়ে যান। এ ঘটনায় পিকআপের চালক আল মামুন সেনাসদস্য মুস্তাকিমকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ ওঠে। পরে মুস্তাকিম ঘটনাটি তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানান।
জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রথম আলোকে বলেন, তদন্ত করে সেনাসদস্যকে লাঞ্ছিত করার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।