সেনাসদস্যকে হোটেলে আটকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় গত রোববার একটি আবাসিক হোটেলে মাহবুবুল আলম নামের এক সেনাসদস্যকে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়েছে। তাঁকে গুরুতর অবস্থায় স্থানীয় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএইচএম) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, মাহবুবুলকে চট্টগ্রামের কাপ্তাই সেনাক্যাম্প থেকে সৈয়দপুর সেনানিবাসে ১০ দিন আগে বদলি করা হয়। সে মোতাবেক রোববার তিনি সৈয়দপুর এসে কর্মস্থলে যোগ দেন। ওই দিনই তিনি নিজের নামে পাঠানো মালামাল সংগ্রহের জন্য সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে একটি প্রতিষ্ঠানে যান। কিন্তু মালামাল ছাড় করাতে বিলম্ব হতে থাকে। সেনানিবাস থেকে দূরে হওয়ায় বিশ্রামের জন্য তিনি পাশের আবাসিক হোটেল সৈয়দপুর রেস্টহাউসের (জসিম বিল্ডিং) একটি কক্ষ কয়েক ঘণ্টার জন্য ভাড়া নেন। পরে ওই কক্ষে গিয়ে মাহবুবুলের কাছে চাঁদা দাবি করেন হোটেলের মালিক সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিকো আহমেদ ও তাঁর ভাই জসি আহমেদ। অন্যথায় মাহবুবুলকে নারী কেলেঙ্কারিতে ফাঁসিয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। এর পরও চাঁদা না দেওয়ায় মাহবুবুলকে তাঁরা মারধর করেন। এই মারধরে হোটেলের চার কর্মীসহ মোট আট ব্যক্তি অংশ নেন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে। পরে তাঁকে সিএমএইচে ভর্তি করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় গত সোমবার রাতে থানায় জিকো আহমেদ, জসি আহমেদসহ আটজনকে আসামি করে একটি মামলা করা হয়।