সেনাসদস্যের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় জাহাঙ্গীর আলম খান নামের এক সেনাসদস্য এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে সখীপুর থানায় গত মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
ওই দিন মেয়েটি টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতের বিচারক শেখ নাজমুন্নাহারের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীরের (২২) বাড়ি উপজেলার বাজাইল গ্রামে। ঈদের ছুটিতে বাড়ি এসে গ্রামের সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেন জাহাঙ্গীর। প্রস্তাবে মেয়েটির পরিবারের সদস্যরা রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ঈদের দুই দিন পর মেয়েটিকে জোর করে তুলে নিয়ে যান জাহাঙ্গীর। তিন দিন পর ২ আগস্ট মেয়েটিকে বাড়িতে রেখে পালিয়ে যান জাহাঙ্গীর। গত মঙ্গলবার মেয়েটির বাবা বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেন।
জাহাঙ্গীরের বাবা আজিজ খান ছেলেকে নির্দোষ দাবি করে প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক আছে বলে শুনেছি। মেয়েটি ইচ্ছা করেই আমার ছেলের সঙ্গে ওই তিন দিন পালিয়ে ছিল।’ মেয়েটির বাবা বলেন, ‘সেনাবাহিনীতে চাকরি করার দাপট দেখিয়ে সে আমার নাবালিকা মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করে।’
মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার উপপরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন, জাহাঙ্গীরকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।