সেন্ট মার্টিন ও টেকনাফ থেকে দেড় লাখ ইয়াবা বড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনের ছেঁড়াদিয়া এলাকা থেকে গতকাল শনিবার সকালে প্রায় ১ লাখ ৩৮ হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও পাচারকাজে ব্যবহৃত নৌকা জব্দ করা হয়েছে।
এ ছাড়া টেকনাফ থেকে শুক্রবার রাতে ১০ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে।
কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা লে. কমান্ডার এম দুরুল হুদা প্রথম আলোকে জানান, গতকাল সকালে কোস্টগার্ড সেন্ট মার্টিন স্টেশনের কর্মকর্তা লে. ডিকসন চৌধুরীর নেতৃত্বে মার্টিন দ্বীপের ছেঁড়াদিয়ার দক্ষিণ-পূর্ব সমুদ্র এলাকায় টহল দিচ্ছিল। এ সময় কোস্টগার্ড সদস্যদের দেখে একটি ইঞ্জিনচালিত নৌকা উপকূল অভিমুখে দ্রুত পালানোর চেষ্টা চালায়। কোস্টগার্ড নৌকাটি থামানোর জন্য সংকেত দিলে ছেঁড়াদিয়ায় পাথরের চরে নৌকার যাত্রীরা একটি ড্রাম নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্টগার্ড সদস্যরা ধাওয়া দিলে তারা ড্রাম ফেলে পালিয়ে যায়। পরে ওই ড্রাম থেকে ১ লাখ ৩৮ হাজার ইয়াবা বড়ি জব্দ হরা হয়।
সহোদর গ্রেপ্তার: গত শুক্রবার রাত ১১টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা গ্রাম থেকে ১০ হাজার ইয়াবা বড়িসহ দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান এনে বাড়িতে মজুত করা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে লেদা গ্রামের জাফর আলমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ১০ হাজার ইয়াবা বড়িসহ দুই সহোদরকে আটক করা হয়। তাঁরা হলেন শরিফুল ইসলাম ও সাইফুল ইসলাম।