কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের জেটিসংলগ্ন সাগর থেকে গতকাল শনিবার বিকেলে একটি মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে ছয় হাজার ইয়াবা বড়িসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড। ইয়াবা বহনকারী ট্রলারটিও জব্দ করা হয়েছে।
গতকাল বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে সাগরে নোঙর করে রাখা ওই ট্রলারটিতে সেন্ট মার্টিন কোস্ট গার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. কমান্ডার মাহাফুজুল ইসলামের নেতৃত্বে বাহিনীর সদস্যরা অভিযান চালান।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার শিশির মিয়া (৪৫), টেকনাফ সদরে শিলবনিয়াপাড়ার কেফায়েত উল্লাহ (৩০), মো. ইউছুফ (২৮), গোদারবিলের আবদুল হাশিম (১৮) ও উখিয়ার মরিচ্যার ইমাম হোসেন (২৮)।
সেন্ট মার্টিন কোস্টগার্ডের লে. কমান্ডার মাহাফুজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ইয়াবা বড়িসহ আটক ব্যক্তিদের সেন্ট মার্টিন কোস্ট গার্ড হেফাজতে রাখা হয়েছে। রোববার (আজ) সকালে তাঁদের টেকনাফ থানা-পুলিশের কাছে
সোপর্দ করে মাদক আইনে মামলা করা হবে।