সেন্ট্রাল হাসপাতালকে চার লাখ টাকা জরিমানা
ফার্মেসির গুদামের অনুমোদন না থাকায় ও সনদবিহীন কর্মীদের দিয়ে এক্স-রে মেশিন পরিচালনার অপরাধে রাজধানীর ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার র্যা ব-২-এর ভ্রাম্যমাণ আদালত হাসপাতালটিতে অভিযান চালান। এতে নেতৃত্ব দেন র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন।
র্যা ব-২-এর উপপরিচালক দিদারুল আলম বলেন, হাসপাতালটির এক্স-রে অপারেটরদের কোনো সনদ ছিল না। তাদের মেডিকেল টেকনোলজিস্টদেরও সনদ নেই। সনদবিহীন কর্মীদের দিয়ে হাসপাতালটিতে রোগ নির্ণয়ের পরীক্ষা করা হতো। এ ছাড়া প্রতিষ্ঠানটির ফার্মেসির গুদামে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন না নিয়ে ওষুধ মজুত করা হতো। এই অপরাধ স্বীকার করায় ফার্মেসি ইনচার্জ মিজানুর রহমানকে দুই লাখ টাকা, এক্স-রে অপারেটর মকবুল হোসেন, নমুনা সংগ্রাহক জাকির হোসেন ও সহকারী নমুনা সংগ্রাহক সেলিনা আক্তারকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এদিকে হাসপাতালটির ফুডকোর্টে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পাউরুটি, কেক উৎপাদন ও বিক্রি করা হতো। এ অপরাধ স্বীকার করায় হাসপাতালের ফুডকোর্ট ব্যবস্থাপক রাফিজ উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
সেন্ট্রাল হাসপাতালের পরিচালক এম এ কাশেম প্রথম আলোকে বলেন, তাঁদের সার্বিক চিকিৎসামান সম্পর্কে র্যা বের পক্ষ থেকে সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে।