সেপটিক ট্যাংক থেকে বাবা-মেয়ের লাশ উদ্ধার
খুলনা নগরের বুড়ো দরগা এলাকার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে বাবা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ দুজনের লাশ উদ্ধার করা হয়।
মেয়ের নাম পারভীন সুলতানা (২৬)। তিনি বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা। বাবার নাম ইলিয়াস হোসেন (৭০)।
এ ঘটনায় আজ দুপুর এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি। কোনো মামলা হয়নি। সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার নিবাস চন্দ্র মাঝি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পারভীনের ভাই রেজাউল আলম প্রথম আলোকে বলেন, তাঁরা তিন বোন ও এক ভাই। পারভীন বাবার সঙ্গে ওই বাড়িতে থাকতেন। তাঁর স্বামী ঢাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত। চাকরিসূত্রে পারভীন খুলনায় থাকতেন। রেজাউল খুলনার পিকচার প্যালেসে একটি দোকানে কর্মরত। তিনি আলাদা একটি বাসায় থাকেন।
রেজাউলের ভাষ্য, গতকাল রাতে তাঁর আরেক বোন নার্গিস ঢাকা থেকে ফোন করে বলেন, পারভীন ও বাবার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। পিকচার প্যালেস মোড় থেকে এক প্রতিবেশীকে সঙ্গে নিয়ে তিনি বাড়িতে যান। মূল ফটকে তালা দেখেন। পরে খুঁজতে খুঁজতে বাড়ির সেপটিক ট্যাংকে তাঁদের লাশ পান। পাশাপাশি দুটি ট্যাংকে দুজনের লাশ পাওয়া যায়। দুজনের গলায় ওড়না প্যাঁচানো ছিল।
রেজাউল বলেন, গত রোজার ঈদেও এই বাড়িতে চুরি হয়েছে। সে সময় লবনচরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁরা।
খবর পেয়ে আজ সকালে পারভীনের স্বামী আশিকুর রহমান খুলনায় গেছেন। তিনি বলেন, বাড়ির ঘরে জিনিসপত্র এলোমেলো ছিল। দুর্বৃত্তরা ৪০ থেকে ৫০ হাজার টাকা ও পাঁচ-ছয় ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছেন বলে তাঁর দাবি। ঈদের পরই পারভীনকে নিয়ে ঢাকায় স্থায়ী হওয়ার কথা ছিল বলে তিনি জানান।
লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেনের ভাষ্য, প্রাথমিকভাবে মনে হচ্ছে শ্বাসরোধ করে তাঁদের হত্যা করা হয়েছে। লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।