সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুজনের মৃত্যু
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় দুজন শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার আলীনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বন্দর উপজেলার আলীনগর এলাকার শাহাদাৎ হোসেন (২৮) ও মদনগঞ্জ সোহেল বাড়ির ঘাট এলাকার শ্রমিক ফরহাদ (২৯)। গুরুতর আহত শ্রমিকেরা হলেন মদনগঞ্জ এলাকার সুমন মিয়া (৩৮) ও আলীনগর এলাকার নাজিম (৪৫)।
এলাকাবাসীর বরাত দিয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, সকাল নয়টার দিকে আলীনগর এলাকায় আবদুল মালেক মিয়ার বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন ফরহাদ, সুমন ও নাজিম। তাঁদের সঙ্গে স্থানীয় ফরহাদ নামের এক ব্যক্তিও যোগ দেন। একপর্যায়ে বিষাক্ত গ্যাসে তাঁরা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক শাহাদাৎ ও নির্মাণশ্রমিক ফরহাদকে মৃত ঘোষণা করেন।
অপর দুজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।