সেপটিক ট্যাংকে ছাত্রের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের শরীফপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে গত বুধবার রাতে সাজেদুর রহমান (১০) নামের এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে।
সাজেদুর শরীফপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে এবং শরীফপুর দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গাজীপুরের টঙ্গী এলাকার কিশোর মো. ফয়সাল ও তার এক সঙ্গী শিশু সাজেদুরকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য সাজেদুরের সহপাঠী জাকির হোসেন (১০), সাজিদ, পাপ্পু ও জুয়েলকে মোটরসাইকেল দেওয়ার প্রলোভন দেখায়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জাকির তার কয়েক বন্ধুকে নিয়ে সাজেদুরকে বাড়ি থেকে ফুটবল খেলার কথা বলে নিয়ে যায় এবং ফয়সালের হাতে তুলে দেয়। পরে রাত আটটার দিকে ফয়সাল নিজের মুঠোফোন থেকে সাজেদুরের বাবার মুঠোফোনে ফোন দিয়ে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং ওই টাকা না দিলে তাঁর ছেলেকে মেরে ফেলার হুমকি দেয়। তবে টাকা দিতে অস্বীকৃতি জানানোর পর রশি দিয়ে সাজেদুরের গলায় ফাঁস লাগিয়ে একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংকের ভেতরে ফেলে রাখা হয়। রাতেই এলাকাবাসী জাকিরকে আটক করে। পরে রাত সাড়ে ১২টার দিকে ওই সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার করে গাজীপুর হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল জাকির ছাড়াও সাকের (১৭), পাপ্পু (১৬), সাজিদ (১৭) ও জুয়েলকে (১৪) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।