সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল তরুণের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে নির্মাণাধীন সেফটিক ট্যাংকের সেন্টারিংয়ের কাঠ খুলতে গিয়ে এক তরুণ মারা গেছেন। নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতে তিনি ওই সেপটিক ট্যাংকে নামেন। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার কাশেম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। 

মো. রিয়াজুল (১৮) নামের ওই তরুণ ফরিদপুর সদরের কাচারিরটেক এলাকার মো. বাবলুর ছেলে। এ ঘটনায় অসুস্থ হয়েছেন আরও দুই শ্রমিক। তাঁরা হলেন মো. ওবায়দুল (৩০) ও মো. রুবেল (১৮)। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন ম্যানেজার মো. সাইফুজ্জামান প্রথম আলোকে বলেন, কাশেম মিয়া তাঁর বাড়িতে একটি নতুন সেফটিক ট্যাংক নির্মাণ করছিলেন। ওই সেফটিক ট্যাংকে সেন্টারিং করে ঢালাই দেওয়া হয়। দুপুরে ওই তিন নির্মাণশ্রমিক ট্যাংকের নিচে নেমে সেন্টারিংয়ে কাঠ ও বাঁশ খোলার কাজ করছিলেন। ধারণা করা হচ্ছে, বেশ কিছুদিন বন্ধ থাকায় ট্যাংকের ভেতরে কার্বন মনোঅক্সাইড গ্যাসের সৃষ্টি হওয়ায় মৃত্যুর ঘটনা ঘটে।