সেপটিক ট্যাংকে শিশুর লাশ
নিখোঁজের তিন দিন পর আজ বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সেপটিক ট্যাংকের ভেতর থেকে নাহিদ শেখ নামের চার বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শিশু নাহিদ বাবা-মায়ের একমাত্র সন্তান। বাবা জনি শেখ ও মা মর্জিনা বেগম ঢাকার ডেমরা এলাকায় থাকেন। তবে নাহিদ মুকসুদপুরের বাটিকামারি ইউনিয়নের গোয়া বাহারা গ্রামে নানা বাড়িতে থাকত।
নাহিদের নানা আদম আলি শেখ প্রথম আলোকে বলেন, গত সোমবার বিকেলে বাসা থেকে বের হয়ে নাহিদ নিখোঁজ হয়। সারা দিন বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে ও এলাকায় মাইকিং করেও তাকে পাওয়া যায়নি। পরে গত বুধবার রাতে মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে একটি বিড়াল বাড়ির সেপটিক ট্যাংকের কাছে গিয়ে অনবরত ডাকাডাকি করায় বাড়ির লোকদের সন্দেহ হয়। পরে মুকসুদপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ সেপটিক ট্যাংকের ভেতর থেকে নাহিদের লাশ উদ্ধার করে।
মুকসুদপুর থানার উপপরিদর্শক (এসআই) শম্ভু চাঁদ মণ্ডল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।