খুন করে বন্ধুকে সেপটিক ট্যাংকে ফেলল তিন কিশোর
নাটোরে পাঁচ লাখ টাকা মুক্তিপণ আদায়ের আগেই সহপাঠীকে খুন করে দুই কিশোর আর তাদের এক সহযোগী ধরা পড়েছে র্যাবের হাতে। নিহত মাদ্রাসাছাত্র তানভীরের লাশটি উদ্ধার করা হয়েছে একটি সেপটিক ট্যাংক থেকে। একমাত্র সন্তানকে হারিয়ে মা-বাবা এখন দিশেহারা। তাঁরা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
আটক তিন কিশোর হুসাইদ হোসেন (১৫) বাইজিদ হাসান (১৪) ও নাঈম হোসেন পাঁচ লাখ টাকা মুক্তিপণ আদায়ের জন্য তানভীরকে হত্যা করে লাশ গুম করার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা শহরের আলাইপুর আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার পাশের এক বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ তানভীরের লাশ উদ্ধার করে।
নাটোর সদর থানা ও র্যাব সূত্রে জানা যায়, শহরের উত্তর বড়গাছা হাফরাস্তা এলাকার সাইফুল ইসলামের ছেলে তানভীর হোসেন (১১) চার বছর ধরে আলাইপুর আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় পড়ালেখা করছিল। এর মধ্যে সে ৯ পারা কোরআন মুখস্থ করেছে। গত মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে তার মা ফিরোজা বেগম ও বাবা সাইফুল ইসলাম ওরফে তুষার মাদ্রাসায় গিয়ে তাঁদের একমাত্র সন্তানকে দুপুরের খাবার খাইয়ে দিয়ে আসেন। রাতে খাবার নিয়ে যাওয়ার পর মাদ্রাসায় তাকে আর পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ওই রাতেই সাইফুল ইসলাম সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তিন দিন পর ২৮ আগস্ট মুঠোফোনে তানভীরকে অপহরণ করা হয়েছে বলে বাবাকে জানিয়ে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করা হয়। টাকা দেওয়ার আগে ছেলের সঙ্গে কথা বলতে চাইলে অপহরণকারীদের একজন ছদ্মবেশে কথা বললে সাইফুল বুঝতে পারেন যে ওই কণ্ঠ তাঁর ছেলের নয়। তখন তিনি ঘটনাটি র্যাবের সদর দপ্তরে জানান। র্যাব সদস্যরা মুঠোফোনে আড়ি পেতে গতকাল সোমবার সন্ধ্যায় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তানভীরের সহপাঠী সিংড়া উপজেলার জোড়মল্লিক গ্রামের মোক্তার হোসেনের ছেলে হুসাইদ হোসেন ও বাগাতিপাড়া উপজেলার নওপাড়া গ্রামের বাবুল হাসানের ছেলে বাইজিদ হাসানকে আটক করেন। পরে স্বীকারোক্তির ভিত্তিতে তাদের সহযোগী শহরের কালুরমোড়ের আবদুর রহিমের ছেলে নাঈম হোসেনকেও আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনই তানভীরকে হত্যা করে মাদ্রাসার পাশে জনৈক আবুল কাশেমের টয়লেটের কাঁচা সেপটিক ট্যাংকে লাশ গুম করার কথা জানায়।
তাদের সঙ্গে নিয়ে আজ র্যাবের সদস্যরা গণমাধ্যম কর্মীদের সামনে ওই সেপটিক ট্যাংকের ভেতর থেকে তানভীরের মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়। লাশ উদ্ধারের সময় র্যাব-৫-এর কমান্ডিং অফিসার কর্নেল মাহবুব হোসেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সি সাহা্বুদ্দিন, নিহত কিশোরের বাবা সাইফুল ইসলাম ও মা ফিরোজা বেগম উপস্থিত ছিলেন।
হত্যার নেপথ্য কাহিনি
র্যাবের হাতে আটক হুসাইদ হাসান আজ সকালে গণমাধ্যমের কর্মীদের জানায়, তারা ভারতীয় সনি টিভি চ্যানেলের একটি সিরিয়াল দেখে অপহরণের মাধ্যমে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করে। এ জন্য তারা তাদের সহপাঠী তানভীরকে বেছে নেয়। কারণ সে বাবা-মার একমাত্র সন্তান। খুব সহজেই টাকা পাওয়া যাবে। গত ২১ আগস্ট তারা তাদের বন্ধু নাঈমের দোকানে গিয়ে অপহরণ ও খুনের পরিকল্পনা করে।
যেভাবে খুন করা হয়
র্যাবের হাতে আটক বাইজিদ হাসান সাংবাদিকদের জানায়, তারা ঝামেলা এড়াতে তানভীরকে প্রথমেই খুন করার পরিকল্পনা করে। সে মোতাবেক গত ২৮ আগস্ট আসরের নামাজের পর সে আর হুসাইদ নতুন মোবাইল সেট দেখার কথা বলে তানভীরকে মাদ্রাসা থেকে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে রশি দিয়ে তাকে ফাঁস দিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করে। কিন্তু তাতেও তার মৃত্যু না হলে তারা গলায় ক্ষুর চালায়। এতে তার মৃত্যু নিশ্চিত হয়। সেখান থেকে তারা বন্ধু নাঈমের দোকানে গিয়ে তাদের গায়ে লেগে থাকা রক্ত পরিষ্কার করে মাদ্রাসায় ফিরে আসে।
যেভাবে ঘাতকদের আটক করা হলো
র্যাবের উপপরিদর্শক (গোয়েন্দা) আবদুর রশিদ জানান, ঘাতক হুসাইদের এক মামার (পিটিআই মসজিদের ইমাম) মুঠোফোনের কললিস্ট পর্যালোচনা করে প্রথম হুসাইদকে পরে অন্যদের আটক করা হয়। ওই মামার মুঠোফোন থেকে তারা সর্বশেষ তানভীরের বাবার মুঠোফোনে ফোন করে মুক্তিপণ দাবি করেছিল।
তানভীরের বাবার বক্তব্য
তানভীরের বাবা সাইফুল ইসলাম ওরফে তুষার জানান, তানভীর তাদের একমাত্র সন্তান। তিনি ছোটখাটো ঠিকাদারি কাজ করেন। ঘটনার দিন দুপুরে তিনি ও তার স্ত্রী মাদ্রাসায় গিয়ে ছেলেকে দুপুরের খাবার খাইয়ে এসেছিলেন। ওর মা নিজে হাতে তাকে খাইয়ে দিয়েছিলেন। ওই দিন সন্ধ্যায় তিনি ঢাকায় যান। সেখান থেকে ছেলে নিখোঁজ হওয়ার খবর পেয়ে পরের দিন বাড়িতে আসেন। এরপর তিন দিন চলে যাওয়ার পর মুঠোফোনে ৫ লাখ টাকা দাবি করা হয়। তিনি টাকা দিতে রাজিও ছিলেন। কিন্তু ঘাতকেরা তার ছেলের সাথে কথা বলিয়ে দিতে না পারায় তিনি টাকা দিতে চাননি। আজ দুপুরে তিনি জানেন, ঘাতকেরা টাকা চাওয়ার আগেই তার ছেলেকে হত্যা করেছিল। ছেলেকে না পেলেও অন্তত লাশ উদ্ধারের জন্য তিনি র্যাব সদস্যদের ধন্যবাদ জানান।
মায়ের আকুতি
একমাত্র সন্তানকে হারিয়ে মা ফিরোজা বেগম কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়েছেন। টয়লেটের সেপটিক ট্যাংক থেকে ছেলের লাশ ওঠানো দেখে তিনি মূর্ছা যান। ছেলের শরীরে তখনো খয়েরি রঙের পাঞ্জাবি পরা ছিল। তবে মাথার চুল ও চামড়া খসে খসে যেতে দেখে তিনি চিৎকার দিতে থাকেন। তিনি বারবার আল্লাহর কাছে এ ঘটনার বিচার চান। তিনি ঘাতকদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
র্যাবের কমান্ডিং অফিসারের বক্তব্য
তানভীরের লাশ উদ্ধারের পর র্যাবের কমান্ডিং অফিসার কর্নেল মাহবুব হোসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, অভিযোগ পাওয়ার পরপরই তাঁরা অপহৃত মাদ্রাসাছাত্রকে উদ্ধার ও ঘাতক চক্রকে আটকানোর চেষ্টা করেন। তাদের অবস্থান নিশ্চিত হওয়ার জন্য কিছু সময় পার হয়ে যায়। তবে ঘাতকদের আটকের পর তাঁরা জানতে পারেন যে, তানভীরকে ঘটনার পরপরই হত্যা করা হয়েছে।