সেবা করতে গিয়ে ঠাঁই হলো থানায়!
ক্যানসারে আক্রান্ত শিশুর পাশে এসে দাঁড়িয়েছিল কয়েকজন স্বেচ্ছাসেবীর একটি দল। প্রায় দেড় মাস ধরে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি শিশুটির সেবা-শুশ্রূষা করে আসছে। এদেরই একজন ডেন্টাল ডিপ্লোমার ছাত্রী জান্নাত আরা। গতকাল রোববার বিনা খরচে শিশুটির এক্স–রেসহ রোগনির্ণয় পরীক্ষা করার আবেদন নিয়ে জান্নাত আরা সরাসরি হাসপাতালটির পরিচালকের কাছে যাওয়ার পরে তাঁকে দালাল সন্দেহে পুলিশে দেওয়া হয়। কয়েক ঘণ্টা পরে সন্ধ্যার দিকে পুলিশি হেফাজত থেকে জান্নাতকে নিজেদের জিম্মায় নিয়ে যান তাঁর অভিভাবকেরা।
ক্যানসারে আক্রান্ত ১৩ বছরের শিশুটির মা আলেয়া বেগম জানান, প্রায় ছয় মাস আগে তাঁর মেয়ের ক্যানসার ধরা পড়ে। মাস দেড়েক আগে মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই একদল শিক্ষার্থী পাশে এসে দাঁড়ান। নানাভাবে তাঁরা সাহায্য করতেন। এঁদের একজন ডেন্টাল ডিপ্লোমার শিক্ষার্থী জান্নাত আরা। গতকাল ক্যানসারে আক্রান্ত মেয়েটির এক্স–রে, আল্ট্রাসনোগ্রামসহ কয়েকটি পরীক্ষা দেন চিকিৎসক। সে জন্য সাহায্য করতে তাঁরা জান্নাত আরাকে ডাকেন। জান্নাত এসে মেয়েটির বিনা মূল্যে টেস্ট করানোর জন্য আলেয়ার ১৬ বছরের ছেলেসহ মেডিকেলের পরিচালকের কক্ষে গেলে সেখান থেকে তাঁকে অযথা সন্দেহে পুলিশে দেওয়া হয়।
যোগাযোগ করা হলে জান্নাত আরা প্রথম আলোকে বলেন, ফেসবুকভিত্তিক একটি গ্রুপ থেকে একত্র হয়ে তাঁরা ১২-১৩ জন ক্যানসারে আক্রান্ত শিশুটিকে সাহায্য করছিলেন। মেয়েটির পরিবার গরিব বলে চিকিৎসকেরাই বিনা মূল্যে টেস্ট করানোর সুপারিশ করে দিয়েছেন। গতকাল পরীক্ষাগারে টেস্ট করাতে গেলে সেখান থেকে জানানো হয়, বিনা মূল্যে টেস্ট করাতে হলে প্রশাসনিক ভবন থেকে স্বাক্ষর নিয়ে আসতে হবে। এরপর প্রশাসনিক ভবন চিনে নিয়ে সেখানে মেয়েটির ছোট ভাইকে নিয়ে যান জান্নাত। সেখানে তাঁকে দালাল আখ্যা দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়া হয়। পুলিশি হেফাজতে যাওয়ার পরে একপর্যায়ে জান্নাত অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে সন্ধ্যার দিকে তাঁর বাবা গিয়ে মুচলেকা দিয়ে শাহবাগ থানা থেকে তাঁকে ছাড়িয়ে নিয়ে যান।
জান্নাত আরা বলেন, তিনি একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ডেন্টাল ডিপ্লোমা পড়ছেন। তাঁর অন্য সহযোগীদের মধ্যে কেউ শিক্ষার্থী আবার ব্যবসায়ী ও চাকরিজীবীও রয়েছেন। তাঁরা এখন পর্যন্ত শিশুটিকে রক্ত দেওয়া থেকে শুরু করে টাকা জোগাড় করে দেওয়াসহ অনেক কিছুই করছেন।
জানতে চাইলে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সাহেব আলী বলেন, ‘ওদের একটা সংগঠন আছে। ওরা ক্যানসারে আক্রান্ত একটি শিশুর চিকিৎসার জন্য সাহায্য করছিল। শিশুটিকে সাহায্য করতে কোনো একটি কাজে মেয়েটি ভুলে পরিচালক স্যারের রুমে চলে গেছিল। পরে মেয়েটিকে পুলিশের কাছে দেওয়া হয়।’ তিনি বলেন, ‘আমি হাসপাতালের লোকের কাছে শুনেছি মেয়েটি অ্যাপ্রন পরে স্যারের রুমে গিয়েছিল। পরে জানা যায় সে ঢাকা মেডিকেলের ছাত্রী নয়। অন্য আরেকটা মেডিকেলে পড়ে।’