পানি উন্নয়ন বোর্ড, ডেসকো, ডেসা, ডিপিডিসি, ওয়াসাসহ সেবা খাতের পাঁচটি প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরাই দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁদের আশ্রয়ে-প্রশ্রয়ে অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীরা অবাধে দুর্নীতি করছেন। আইনগত দুর্বলতা, প্রতিষ্ঠানগুলোর নিজস্ব বিধিবিধানে ত্রুটি, কেনাকাটায় নীতিমালা অনুসরণ না করাসহ বিভিন্ন সীমাবদ্ধতাই সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতির প্রধান কারণ।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাতিষ্ঠানিক দুর্নীতি অনুসন্ধানে নিয়োজিত একটি দলের অন্তর্বর্তী প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়, এসব প্রতিষ্ঠানে ব্যাপকভিত্তিক অনুসন্ধান চালানো হলে দুর্নীতির তথ্য-উপাত্ত পাওয়া সম্ভব। প্রতিবেদনে সম্ভাব্য অনুসন্ধানের রূপরেখাও তুলে ধরা হয়।
দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলমের নেতৃত্বে গঠিত চার সদস্যের দলটি রোববার এ প্রতিবেদন কমিশনে জমা দেয়। দলের অন্য তিন সদস্য হলেন উপপরিচালক মাহবুবুল আলম, উপসহকারী পরিচালক ওমর ফারুক ও তাজুল ইসলাম ভুঁইয়া। এর আগে প্রাতিষ্ঠানিক দুর্নীতি অনুসন্ধানের লক্ষ্যে গঠিত ১১টি টিম প্রায় একই ধরনের রূপরেখা তুলে ধরে অন্তর্বর্তী প্রতিবেদন দাখিল করে বলে দুদক সূত্র জানায়।
প্রাতিষ্ঠানিক দুর্নীতির অনুসন্ধান-প্রক্রিয়ায় সেবামূলক পাঁচ প্রতিষ্ঠান বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো), ঢাকা ওয়াসা, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এবং পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (পিডিবি) দুর্নীতি অনুসন্ধানের লক্ষ্যে গত ২৯ সেপ্টেম্বর দুদক অনুসন্ধান দলটি গঠন করে।
একই দিন সড়ক ও জনপথ বিভাগ, বিআরটিএ, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, ঢাকার দুই সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)সহ দুর্নীতিপ্রবণ প্রতিষ্ঠানের দুর্নীতি অনুসন্ধানে ১১টি দল পুনর্গঠন করে দুদক। এসব দল ইতিমধ্যেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে।
এদিকে, তিনটি অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূঞার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। দুদক সূত্র জানিয়েছে, তাঁর বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ গ্রহণসহ তিনটি অভিযোগ পাওয়া গেছে। বিধিবহির্ভূতভাবে পদোন্নতি নেওয়া এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
কবির আহমেদ ভুঞার বিরুদ্ধে ওই তিনটি অভিযোগ অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগের মহাপরিচালককে নির্দেশ দিয়েছে কমিশন।