সেবা দেওয়ার নামে হাতিরপুল ভূতের গলি থেকে চাঁদা আদায়
সেবা দেওয়ার নাম করে রাজধানীর হাতিরপুল ও ভূতের গলি এলাকার বাসাবাড়ি থেকে চাঁদা আদায় করছে ‘হাতিরপুল-ভূতের গলি সমাজ কল্যাণ পরিষদ’ নামের একটি সংগঠন। এই সংগঠনের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরসহ আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা জড়িত বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ, নিরাপত্তাকর্মী, মাদকমুক্ত সমাজ, যানজট নিরসন, সড়ক সংস্কার, বখাটেদের উৎপাত বন্ধে পদক্ষেপের নামে এই চাঁদা নেওয়া হচ্ছে। কিন্তু ওই সংগঠনের নেতা-কর্মীদের কারণে কেউ প্রতিবাদ করছেন না। ভূতের গলি কমিউনিটি সেন্টারের নিচতলায় সংগঠনটির কার্যালয়। গতকাল শনিবার দুপুরে ওই কার্যালয়ে গিয়ে কাউকে পাওয়া যায়নি৷
ডিএসসিসির ১৬ নম্বর ওয়ার্ডের ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, সোনারগাঁও রোড, নর্থ রোড, সার্কুলার রোড, নর্থ সার্কুলার রোড, ওয়েস্ট অ্যান্ড স্ট্রিট এলাকা নিয়ে ‘হাতিরপুল-ভূতের গলি সমাজ কল্যাণ পরিষদ’। এই পরিষদের উপদেষ্টা ডিএসসিসির ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হোসেন হায়দার ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মোর্শেদ হোসেন৷ স্থানীয় বাসিন্দারা জানান, গত ১ নভেম্বর থেকে ওই এলাকাগুলোতে প্রায় ১৫ হাজার লিফলেট বিতরণ শুরু করে হাতিরপুল-ভূতের গলি সমাজ কল্যাণ পরিষদ। এরপর থেকেই বিষয়টি সবাই অবগত হন। ইতিমধ্যে চাঁদা তোলা শুরু হয়ে গেছে৷
এভাবে চাঁদা নেওয়ার কারণ জানতে চাইলে হোসেন হায়দার গতকাল প্রথম আলোকে বলেন, এ এলাকায় রাতে চুরির ঘটনা ঘটে। রাস্তাঘাটে নারীদের উত্ত্যক্ত করে বখাটে ও মাদকাসক্ত ব্যক্তিরা। এ ছাড়া গলির সড়কে তীব্র যানজট লেগে থাকে। তাই চলতি মাসে পরীক্ষামূলকভাবে ২৮ জন নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের বেতন ও বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহ বাবদই ২০০ টাকা নেওয়া হবে৷ ইতিমধ্যে মহল্লায় চুরির ঘটনা কমে গেছে৷ তিনি বলেন, এই কার্যক্রম সফল হলে কাঁঠালবাগান, আল আমিন রোড, ক্রিসেন্ট রোড, গ্রিন রোড, পান্থপথ, বক্স কালভার্ট এলাকায় এই উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে অনুমতি নেওয়া হবে। নর্থ রোডের কয়েকজন বাসিন্দা বলেন, আগে বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহ বাবদ পরিচ্ছন্নতাকর্মীদের মাসে ৫০ টাকা দিতে হতো। কিন্তু বর্তমানে ১০০ টাকা করে নিচ্ছে ওই পরিষদ৷ অথচ আগের কর্মীরাই ময়লা সংগ্রহ করছেন৷