রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বেসরকারি সেবার নামে রোগীর স্বজনদের নানাভাবে নিপীড়নের অভিযোগ রয়েছে। বিশেষ করে হাসপাতাল থেকে যাঁরা স্বজনের লাশ বের করতে চান, তাঁদের জন্য এই নিপীড়ন আরও বেদনাদায়ক। শোকাহত স্বজনের কাছ থেকে ঘাটে ঘাটে টাকা আদায় করার নির্মম ঘটনা সবার সামনে ঘটলেও কেউ এর প্রতিকারে এগিয়ে আসেন না।
রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালের ট্রলিতে রোগী ওঠানো থেকেই এই নিপীড়নের শুরু। যাঁরা ট্রলি ঠেলে রোগীদের জরুরি বিভাগ থেকে ওয়ার্ডে নিয়ে যান, তাঁরা রোগী নামিয়ে দিয়েই টাকার বায়না ধরেন। ২০ থেকে শুরু করে তাঁরা রোগীর স্বজনদের কাছ থেকে ১০০ টাকা পর্যন্ত আদায় করে ছাড়েন।
দুর্ঘটনায় কেউ মারা গেলে, তার স্বজনদের আর বিপদের শেষ নেই। ওয়ার্ড থেকে নামিয়ে মরদেহ সোজা লাশঘরে ঢুকিয়ে দেওয়া হয়। ময়নাতদন্তের আগে পুলিশ সুরতহাল করতে গেলে লাশঘরে এক যুবক এসে মরদেহ উল্টে-পাল্টে দেখান। এতটুকু কাজের জন্যই ওই যুবক এক থেকে দেড় হাজার টাকা দাবি করে বসেন।
মেডিকেল কলেজের মর্গের ডোমের বায়না সবচেয়ে বেশি। এঁদের সবার এককথা, ‘আমরা সরকার থেকে কোনো পয়সা পাই না। এ থেকেই আমাদের সংসার চালাতে হয়।’ নির্মম এই বেসরকারি সেবা নিতে গিয়ে প্রতিদিনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নাজেহাল হচ্ছেন রোগী ও মৃত ব্যক্তির স্বজনেরা।
বেসরকারি এই সেবা সম্পর্কে জানতে চাইলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুল ইসলাম বলেন, বিষয়টি তিনি শুনেছেন। কিন্তু তাঁদের লোকবল কম। এ জন্য বাইরের লোকদের দিয়ে কাজ করাতে হয়। তবে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, হাসপাতাল পরিচালনা কমিটির সামনের সভায় বিষয়টি তুলবেন। এসব সেবার জন্য নির্দিষ্ট ফি নির্ধারণ করে দেবেন, যাতে কেউ হয়রানির শিকার না হন।
১৫ নভেম্বর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বের হচ্ছিলেন বাঘা শাহদৌলা ডিগ্রি কলেজের সাবেক শিক্ষক আলী মুহ. হাশেম। তাঁকে হাসপাতালে নিতে এসেছিলেন তাঁর ছাত্র ও কলেজশিক্ষক শরীফুল ইসলাম। তিনি বলেন, হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ড থেকে ট্রলি ঠেলে নিয়ে এলেন এক নারী। ট্রলি থেকে নামিয়ে দেওয়ার পরে তাঁর দাবি হচ্ছে ১০০ টাকা। তাঁকে ৫০ টাকা দেওয়াতে তিনি ৫০ রকম কথা শুনিয়ে ছাড়লেন।
৬ নভেম্বর সকালে সড়ক দুর্ঘটনায় মারা যান রাজশাহী নগরের নতুন বিলশিমলা এলাকার আবদুস সাত্তার। তিনি একজন মুক্তিযোদ্ধা ও কাস্টম বিভাগের পরিদর্শক ছিলেন। তাঁর আত্মীয়স্বজনের কোনো অভিযোগ ছিল না। তাঁরা ময়নাতদন্ত করাবেন না। তাঁরা যত দ্রুত সম্ভব লাশ নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তাঁর আত্মীয় মাজদার রহমান বলেন, পুলিশের অনুমতি ছাড়া হাসপাতাল থেকে লাশ দেওয়া হবে না। লাশ নিয়ে গিয়ে হাসপাতালের লাশঘরে রাখা হলো। পুলিশ এসে সুরতহাল করল। এ সময় এক যুবক লাশ উল্টে দেখালেন কোথায় কোথায় আঘাতের চিহ্ন রয়েছে। এবার লাশ বের করার সময় তিন যুবক এসে দাঁড়ালেন। তাঁদের বায়না দেড় হাজার টাকা। শেষ পর্যন্ত একজনের হাতে ৬০০ টাকা গুঁজে দিয়ে চলে আসেন তিনি।
নওগাঁর ধামুইরহাট উপজেলার আক্তারুজ্জামান সরকার বলেন, তাঁর মামা ছদরুল রহমান গত ১০ জুন ট্রাকচাপায় মারা যান। তাঁর ময়নাতদন্তের সময় ডোম ১৫ হাজার টাকা দাবি করে বসে। শেষ পর্যন্ত পাঁচ হাজার টাকা দিয়ে তাঁর হাত থেকে ছাড়া পান।