সেবায়েত ও আ.লীগ নেতা খুনের দায় স্বীকার আইএসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে মঠের সেবায়েত শ্যামানন্দ দাস (৫৫) এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মংশৈলু মারমা নামের এক আওয়ামী লীগের নেতাকে হত্যার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। তবে মংশৈলু মারমাকে ‘বুড্ডিস্ট নেতা’ বলে দাবি করেছে আইএস।

আইএসের কথিত বার্তা সংস্থা আমাক নিউজের বরাত দিয়ে ইন্টারনেটে জঙ্গিগোষ্ঠীর তৎপরতা নজরদারিতে যুক্ত যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্ট গ্রুপ আজ শুক্রবার এই খবর দিয়েছে।

ঝিনাইদহে মঠের সেবায়েতকে আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তাঁর নাম শ্যামানন্দ দাস (৫৫)। শ্যামানন্দের বাড়ি নড়াইল সদর উপজেলার মুসুরিয়া গ্রামে। তাঁর বাবার নাম নাম কিরণ চন্দ্র।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারিতে গতকাল বৃহস্পতিবার রাতে মংশৈলু মারমা (৫৬) নামের আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মংশৈলু মারমা বাইশারি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। পরিবারের সন্দেহ, জমি নিয়ে বিরোধের জেরে তাঁকে হত্যা করা হয়েছে।

দেশে সাম্প্রতিক সময়ে এ ধরনের অন্যান্য হত্যাকাণ্ডের মতো এ ঘটনায়ও মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-এ দুই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। তবে আইএস এর আগেও দেশের কয়েকটি হত্যাকাণ্ডের দায় স্বীকার করলেও সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে, দেশের আইএসের কোন অস্তিত্ব নেই।