সেবিকার অস্ত্রোপচারে নবজাতকের মৃত্যুর অভিযোগ, গ্রেপ্তার ৩
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় শিক্ষানবিস সেবিকার অস্ত্রোপচারে এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার ভোরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত রয়েল স্পেশাল হাসপাতাল ও ক্লিনিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ওই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ও দুজন মালিককে গ্রেপ্তার করেছে।
এজাহারে উল্লেখ করা হয়, উপজেলার সনমান্দী ইউনিয়নের পাচানী গ্রামের বাসিন্দা মামলার বাদী ইব্রাহিম মিয়ার ছোট বোন খোরশেদা আক্তারের প্রসব বেদনা উঠলে গতকাল ভোর চারটার দিকে তাঁকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। এ সময় প্রতিষ্ঠানটিতে কোনো গাইনি চিকিৎসক ছিলেন না। মালিকদের নির্দেশে একজন শিক্ষানবিস সেবিকা রোগী খোরশেদার শরীরে অস্ত্রোপচার করার চেষ্টা চালান। নবজাতকটিকে খোরশেদার পেটের ভেতর থেকে বের করার আগেই তার মৃত্যু হয়। পরে ইব্রাহিম বিষয়টি পুলিশকে জানান। প্রাথমিক তদন্তে পুলিশ ঘটনার সত্যতা পেয়ে ক্লিনিকের মালিক ইলিয়াস হোসেন ও জাহাঙ্গীর আলম এবং ব্যবস্থাপক খন্দকার তারিক হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ইব্রাহিম বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করেন।
পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ক্লিনিকের মালিক ইলিয়াস হোসেন এই প্রতিবেদককে বলেন, ‘ভুল চিকিৎসা যদি করে থাকে তার জন্য সেবিকা দায়ী। আমাদের গ্রেপ্তার করা ঠিক হয়নি।’ মামলার বাদী ইব্রাহিম মিয়া বলেন, ‘সেবিকার মাধ্যমে ভুল চিকিৎসা করে ক্লিনিকের মালিকেরা আমার বোনের শিশুসন্তানকে হত্যা করেছেন। আমার বোনের শারীরিক অবস্থাও গুরুতর।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামিদের কাল (আজ রোববার) আদালতে পাঠানো হবে।