সেবিকার ওপর হামলা প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল সদর হাসপাতালের এক সেবিকার ওপর হামলার প্রতিবাদে গতকাল হাসপাতালের সেবিকারা বিক্ষোভ মিছিল বের করেন। হাসপাতাল চত্বর থেকে তোলা ছবি l প্রথম আলো
নড়াইল সদর হাসপাতালের এক সেবিকার ওপর হামলার প্রতিবাদে গতকাল হাসপাতালের সেবিকারা বিক্ষোভ মিছিল বের করেন। হাসপাতাল চত্বর থেকে তোলা ছবি l প্রথম আলো

নড়াইল সদর হাসপাতালের এক সেবিকার ওপর হামলার প্রতিবাদে গতকাল বুধবার হাসপাতালের সেবিকারা বিক্ষোভ মিছিল করেছেন। সদর হাসপাতাল চত্বর থেকে মিছিলটি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, নড়াইল পৌরসভার দক্ষিণ নড়াইল গ্রামের স্কুলশিক্ষক আব্দুল মতিনের মা রওশন আরা (৭০) বার্ধক্যের কারণে ১৩ ফেব্রুয়ারি নড়াইল সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান। সেবিকাদের দায়িত্বহীনতার অভিযোগ তুলে ওই স্কুলশিক্ষক তাঁর কয়েকজন সহযোগীকে নিয়ে হাসপাতালে ঢোকেন। এ সময় তাঁরা ওই সেবিকাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। সরকারি সম্পদ ভাঙচুর করেন। এ ঘটনায় পরের দিন ওই সেবিকা সদর থানায় একটি মামলা করেন।
এদিকে আসামিদের গ্রেপ্তার না করায় গতকাল হাসপাতালের সেবিকারা শহরে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সভায় সেবিকা বিউটি আক্তার, হেনা খাতুন প্রমুখ বক্তব্য দেন।
হাসপাতালে কর্তব্যরত অবস্থায় সেবিকাদের ওপর সন্ত্রাসী হামলার বিচার দাবি করে বক্তারা বলেন, সেবিকাদের নিরাপত্তা দিতে হবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মতিয়ার রহমান বলেন, মামলার আসামিরা গা-ঢাকা দিয়েছেন। তাঁদের গ্রেপ্তারের ব্যাপারে প্রচেষ্টা অব্যাহত আছে।