সেলিম ওসমানের অনুষ্ঠানে হামলার ঘটনায় এক ইউপি চেয়ারম্যান কারাগারে
নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে জাতীয় পার্টির (জাপা) দলীয় সাংসদ সেলিম ওসমানের অনুষ্ঠানে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় আলীরটেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন ওরফে ঘি জাকিরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাইদুজ্জামান শরীফের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত জাকিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, গত ২৫ জানুয়ারি আলীরটেক আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতরত অবস্থায় বর্তমান ইউপি চেয়ারম্যান জাকিরের নেতৃত্বে শতাধিক ব্যক্তি সেখানে হামলা চালায়। এ সময় নিরাপত্তাকর্মীরা বাধা দিলে তাদের মারধর করা হয়। এ ঘটনায় মোখশেদ আলী শেখ নামে একজন বাদী হয়ে জাকির হোসেনসহ সাতজনের নাম উল্লেখ করে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। এ মামলায় অন্যরা পলাতক রয়েছেন।