সেলিম প্রধানের বিরুদ্ধে অভিযোগ গঠন ৩১ অক্টোবর
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় অনলাইন ক্যাসিনোর মূল হোতা সেলিম প্রধানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। ৩১ অক্টোবর এ বিষয়ে আদেশের জন্য দিন ঠিক করেছেন আদালত। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৬–এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এই আদেশ দেন।
প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোশাররফ হোসেন কাজল। আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অভিযোগ গঠনের শুনানির সময় সেলিম প্রধানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে আদালতে যুক্তি তুলে ধরেন দুদকের পিপি মোশাররফ হোসেন কাজল। অপর দিকে এ মামলা থেকে অব্যাহতি চেয়ে তাঁর পক্ষে আবেদন করেন আইনজীবী শাহিনুর ইসলাম। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে ৩১ অক্টোবর অভিযোগ গঠনের বিষয় আদেশের জন্য দিন ঠিক করেন।
২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে আটকের পর তাঁর রাজধানীর গুলশানের বাসা, বনানীর বাসা ও অফিসে অভিযান চালায় র্যাব। ওই অভিযানে ২৯ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়। পরে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে সেলিমের বিরুদ্ধে ২০১৯ সালের ২৭ অক্টোবর মামলা করে দুদক। তদন্ত শেষে গত ১৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।
অভিযোগপত্রে সেলিম প্রধানের বিরুদ্ধে ৫৭ কোটি ৭৯ লাখ ২৮৮ টাকা অবৈধ সম্পদ অর্জন ও ২১ কোটি ৯৯ লাখ ৫১ হাজার ১৪৫ টাকা অর্থ পাচারের অভিযোগ আনা হয়।
মামলায় বলা হয়, অবৈধ উপায়ে ৪৭ লাখ ৪৬ হাজার টাকার স্থাবর ও ৫৭ কোটি ৩১ লাখ টাকার অস্থাবর সম্পদ অর্জন ও ভোগদখল করেছেন সেলিম প্রধান, যা দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার জানান, অবৈধভাবে উপার্জিত ২১ কোটি ৯৯ লাখ ৫১ হাজার টাকা থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রে পাচার করেছেন সেলিম, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২–এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।