সেলিমা রহমানের গাড়িবহরে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি সেলিমা রহমানের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার বেলা সোয়া ১১টার দিকে মুলাদী উপজেলায় বিএনপির বর্ধিত সভায় যোগ দিতে যাওয়ার সময় পথে ওই ঘটনা ঘটে। মুলাদী উপজেলা ছাত্রলীগ ওই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। তবে ছাত্রলীগ অভিযোগ অস্বীকার করেছে।
বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মুলাদী উপজেলায় বর্ধিত সভায় যোগ দেওয়ার জন্য যাচ্ছিলাম। কলেজ গেটের সামনে পৌঁছার সঙ্গে সঙ্গে ছাত্রলীগের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে আমাদের গাড়িবহরে হামলা চালায়। এ সময় তারা ছাত্রদলের নেতা-কর্মীদের মাধর করে। তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে নিয়ে যায়। হামলায় ছাত্রদল কর্মী নজরুল মৃধা, তামিম, সাব্বির ও রোকনসহ ছয়জন আহত হয়েছেন।’
উত্তর জেলা বিএনপির দপ্তর সম্পাদক নুরুল আলম বলেন, মুলাদীতে পৌর বিএনপির সভায় যোগ দেওয়ার জন্য দলের কেন্দ্রীয় সহসভাপতি সেলিমা রহমান সড়ক পথে মুলাদী আসছিলেন। মুলাদী ডিগ্রি কলেজের কাছাকাছি তাঁর গাড়িবহর পৌঁছালে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল হাওলাদারের নেতৃত্বে ২০-২৫ জনের একদল কর্মী সেলিমা রহমানের গাড়িবহরে হামলা চালায়।
জুয়েল হাওলাদার বলেন, হামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী মাইনুল আহসানের গাড়িবহর মনে করে তারা এগিয়ে এসে দেখতে পান বিএনপি নেত্রীর গাড়িবহর। এ সময় পেছন থেকে ছাত্রলীগের কিছু কর্মী হইচই করলে রোকন নামের এক ছাত্রদলের কর্মী মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে তাঁর মোটরসাইকেলটি ফেরত দেওয়া হয়। তাঁরা বিএনপি নেত্রীকে দলীয় কার্যালয়ে যেতে সহায়তাও করেছেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিয়া বলেন, ‘ছাত্রলীগের কর্মীরা মুলাদী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে অবস্থান করছিলেন। এ সময় গাড়িবহর সেখান দিয়ে যাচ্ছিল। ওই সময় ‘ধর ধর’ বলে চিৎকার দিলে ছাত্রদলের একজন কর্মী মোটরসাইকেল নিয়ে পড়ে যান। কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি। বিএনপি ঘটনাকে ভিন্ন দিকে নেওয়ার জন্য অভিযোগ তুলেছে।’