সেলিমা রহমানের গাড়িবহরে হামলার অভিযোগ

বরিশালের মুলাদী উপজেলায় বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি সেলিমা রহমানের গাড়িবহরে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। হামলায় তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় ও এতে ছাত্রদলের ছয় নেতা-কর্মী আহত হয়েছেন বলে দলটি দাবি করেছে।
ছাত্রলীগ এ অভিযোগ অস্বীকার করেছে। এ ছাড়া পুলিশের দাবি, সেখানে কোনো হামলার ঘটনা ঘটেনি।
আজ রোববার বেলা সোয়া ১১টার দিকে মুলাদী উপজেলায় বিএনপির বর্ধিত সভায় যোগ দিতে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটেছে বলে বিএনপির অভিযোগ।
বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মুলাদী উপজেলায় বর্ধিত সভায় যোগ দেওয়ার জন্য যাচ্ছিলাম। কলেজগেটের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ছাত্রলীগের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে আমাদের গাড়িবহরে হামলা চালায়।’ তিনি জানান, এ সময় ছাত্রলীগের কর্মীরা তাঁদের নেতা-কর্মীদের মারধর করেন। এতে ছাত্রদলের কর্মী নজরুল মৃধা, তামিম, সাব্বির, রোকনসহ ছয়জন আহত হয়েছেন।
বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তর সম্পাদক নুরুল আলম জানান, মুলাদীতে পৌর বিএনপির কর্মিসভায় যোগ দেওয়ার জন্য সহসভাপতি সেলিমা রহমান সড়কপথে মুলাদী আসছিলেন। মুলাদী ডিগ্রি কলেজের কাছাকাছি তাঁর গাড়িবহর পৌঁছালে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল হাওলাদারের নেতৃত্বে ছাত্রলীগের ২০-২৫ জনের একটি দল সেলিমা রহমানের গাড়িবহরে হামলা চালায়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল হাওলাদার বলেন, হামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী মাইনুল আহসানের গাড়িবহর মনে করে তাঁরা এগিয়ে গিয়ে দেখতে পান, বিএনপি নেত্রীর গাড়িবহর। এ সময় পেছন থেকে ছাত্রলীগের কিছু কর্মী হইচই করলে রোকন নামের ছাত্রদলের এক কর্মী মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে তাঁর মোটরসাইকেলটি ফেরত দেওয়া হয়। হামলার ঘটনা তো ঘটেইনি বরং বিএনপি নেত্রীকে দলীয় কার্যালয়ে যেতে সহায়তা করেছেন বলে দাবি করেন জুয়েল হাওলাদার।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিয়া প্রথম আলোকে জানান, ছাত্রলীগের কর্মীরা মুলাদী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে অবস্থান করছিলেন। এ সময় সেলিমা রহমানের গাড়িবহর সেখান দিয়ে যাচ্ছিল। তাঁরা ‘ধর ধর’ বলে চিৎকার দিলে ছাত্রদলের একজন কর্মী মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশে পড়ে যান। কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি। বিএনপি ঘটনাকে ভিন্ন দিকে নেওয়ার জন্য অভিযোগ তুলেছে।