সেলুনের আড়ালে মাদক ব্যবসা, গ্রেপ্তার ১
রাজবাড়ীর গোয়ালন্দ বাজারের আড়তপট্টি এলাকায় সেলুনের আড়ালে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসার অভিযোগ উঠেছে। এ নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় অভিযোগ উত্থাপিত হলে পুলিশ গত বুধবার দিবাগত রাতে সুনীল শীল (৫৬) নামের একজনকে ১৪ লিটার মদসহ গ্রেপ্তার করেছে। তিনি পৌরসভার জুড়ান মোল্লার পাড়ার বাসিন্দা।
স্থানীয় কয়েকজন জানান, গোয়ালন্দ বাজারের রেলস্টেশন ও আড়তপট্টি এলাকায় দীর্ঘদিন ধরে অনেকটা প্রকাশ্যেই মাদক সেবন ও ব্যবসা চলছে। আড়তপট্টি এলাকার নরসুন্দর সুনীল শীল আগেও একবার পুলিশের হাতে ধরা পড়েছিলেন। পরে জেল থেকে ছাড়া পেয়ে পুনরায় একই ব্যবসা শুরু করেন। দিনের বেলায় সেলুনের কাজ চললেও সন্ধ্যার পর থেকে মাদকসেবীদের আড্ডা বসত সেলুনে। সেলুন থেকে মাত্র ১৫-১৬ গজ দূরে অবস্থিত আড়তপট্টি জামে মসজিদ। মসজিদে মুসল্লিদের যাতায়াতের সময় মাদকসেবীদের আচরণে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এ ছাড়া রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের পেছনেও চলে নিয়মিত মাদকের আড্ডা। বিষয়টি নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠানে উপস্থাপন করাসহ তাঁদেরও বারণ করেন। এ সময় পুলিশ অভিযান চালালে কিছুদিন বন্ধ হলেও আবার আগের অবস্থায় ফিরে যায়। ১৩ মার্চ উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি উত্থাপিত হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে অনুরোধ করা হয়। সভায় উপস্থিত গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন।
বুধবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে থানার ওসিসহ পুলিশের সাদাপোশাকের একটি দল আড়তপট্টি অঞ্চল দিয়ে ঘোরার সময় সুনীলের সেলুনে কিছু লোকের আনাগোনা দেখে প্রবেশ করে। এ সময় তল্লাশিকালে চেয়ারের নিচে ও ঘরের কোনায় বিশেষ কৌশলে কোমল পানীয়র ছোট্ট বোতলে রাখা ১৪ লিটার দেশীয় মদ উদ্ধার করে। পরে পুলিশ সুনীল শীলকে আটক করে নিয়ে আসে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ বলেন, সেলুনের আড়ালে নরসুন্দর সুনীল মদের ব্যবসা করছিলেন। আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি উত্থাপিত হলে নজরদারি রাখা হয়। বুধবার রাতে হাতেনাতে ১৪ লিটার মদসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। বুধবার রাতেই তাঁর বিরুদ্ধে থানায় মামলা দায়ের শেষে গতকাল রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া বাজারের অন্যান্য স্থানেও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।