সোনা চোরাচালান মামলায় মালয়েশীয় নাগরিকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনা চোরাচালান মামলায় রাজা বাসনিলা বিনতি রাজা মালেক (৫৪) নামের মালয়েশিয়ার এক নাগরিককে ১৪ বছর কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার রায় ঘোষণার পর ওই নারীকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার ৩ নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ এস এম জিয়াউর রহমান।

২০১৪ সালের ২৮ অক্টোবর ছয় কেজি সোনাসহ রাজা বাসনিলা বিনতি রাজা মালেককে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই সহকারী রাজস্ব কর্মকর্তা মাহবুব-এ-খোদা বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। তদন্ত শেষে বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান তালুকদার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। আদালত গত বছরের ১১ মে এই আসামির বিরুদ্ধে বিচার শুরু করেন। এ মামলায় ১২ জনের মধ্যে ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, আসামি রাজা বাসনিলা মালয়েশিয়ান এয়ারলাইনসে ঢাকায় আসেন। গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দরে গ্রিন চ্যানেলে তাঁর সঙ্গে থাকা মালামাল তল্লাশি করা হয়। পরে শুল্ক বিভাগের নারী সদস্যরা বাসনিলার কাছে সোনার ছয়টি বার পান। এক কেজি ওজনের ছয়টি সোনার বার বাসনিলা তাঁর শরীরের বিভিন্ন অংশে বেঁধে নিয়ে এসেছিলেন। রাজা বাসনিলা মালয়েশিয়ার নাগরিক হলেও ২০০১ সালে তিনি বিয়ে করেন এক বাংলাদেশিকে।