সোনা ছিনতাইকালে এসআইসহ দুজনকে গণপিটুনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার আলু বাজারে এক ব্যবসায়ীর কাছ থেকে সোনার বার ছিনতাইয়ের সময় দুজনকে ধরে গণপিটুনি দেওয়া হয়েছে। পরে তাঁদেরকে পুলিশে সোপর্দ করা হয়। গতকাল রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, আটক দুজনের নাম আশরাফুল ইসলাম ও আবদুর রাজ্জাক। আশরাফুল বনানী থানার উপপরিদর্শক (এসআই) বলে দাবি করেছেন। অন্যজন জানিয়েছেন, তিনি বিমানবাহিনীর চাকরিচ্যুত সদস্য।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার রাতে আলু বাজার মোড়ে পুলিশ পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর গতিরোধ করেন আশরাফুল ও রাজ্জাক। তাঁরা ওই ব্যবসায়ীর কাছে থাকা সোনার পাঁচটি বার ছিনিয়ে নেন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে দুজনকে ধরে পিটুনি দিতে থাকেন। বংশাল থানার টহল পুলিশের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যান। তাঁদের কাছ থেকে সোনার বারগুলোও উদ্ধার করা হয়।
পুলিশের টহল দলের দায়িত্বরত এসআই হেলাল উদ্দিন রাতে সাংবাদিকদের বলেন, আশরাফুল নিজেকে বনানী থানার এসআই বলে দাবি করেছেন। আটক অপর ব্যক্তি আবদুর রাজ্জাক বলেন, তিনি বিমানবাহিনীতে চাকরি করতেন। কিছুদিন আগে তাঁর চাকরি গেছে।
গতকাল রাত একটায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল বলে জানা গেছে।