সোনা ছিনতাইয়ে পুলিশ কর্মকর্তা!
চট্টগ্রামে এক ব্যবসায়ীর ১০২ ভরি সোনা ছিনতাই হয় গত ২১ সেপ্টেম্বর। এর মাস খানেক পর ছিনতাইয়ের সঙ্গে ‘জড়িত’ এক ব্যক্তিকে একটি পূজামণ্ডপে দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন থানায়। পুলিশ এসে দেখতে পায়, ওই ব্যক্তি পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা।
এভাবে চট্টগ্রাম নগরে ১০২ ভরি ওজনের সোনা ছিনতাই রহস্যের জট খুলেছে। পুলিশ বলছে, ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নগর পুলিশের বিশেষ শাখার ওই সহকারী উপপরিদর্শককে (এএসআই) আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার করা হবে। এদিকে ওই ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল জলিল মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘একজন পুলিশ কর্মকর্তাসহ তিন ব্যক্তি ১০২ ভরি সোনা ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে আমরা তদন্ত করে তথ্য পেয়েছি। ওই ঘটনায় ওই কর্মকর্তাসহ দুজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিছু আইনি প্রক্রিয়া শেষ করে আমরা ওই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করব।’
নগরের হাজারী লেনের লরিন জুয়েলার্সের মালিক দোলন বিশ্বাস বলেন, ‘গত ২১ সেপ্টেম্বর আমি হাজারী লেন থেকে অটোরিকশাযোগে বিআরটিসি বাসস্ট্যান্ডে যাচ্ছিলাম। সেখান থেকে বাসে করে ঢাকায় যাওয়ার কথা ছিল। সকাল ৭টা ২৫ মিনিটের দিকে তিন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে মিউনিসিপ্যাল স্কুলের সামনে আমার অটোরিকশার গতিরোধ করে। এরপর তাঁরা আমাকে হুমকি দিয়ে অটোরিকশাটি লাভ লেনের ঝাউতলা মেট্রোপল ক্লাবের সামনে নিয়ে যায়। সেখানে তারা আমার কাছ থেকে ১০২ ভরিরও বেশি ওজনের সোনা, দুটি মুঠোফোন সেট ও পাঁচ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, ওই ঘটনার মাস খানেক পর ছিনতাইয়ের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে নগরের হাজারী লেনের একটি পূজামণ্ডপে দেখতে পেয়ে থানায় খবর দেন দোলন বিশ্বাস। পরে পুলিশ সেখানে গিয়ে দেখতে পায়, ওই ব্যক্তি নগর পুলিশের বিশেষ শাখার একজন এএসআই। সে সময় ওই কর্মকর্তা পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। ওসি বলেন, ‘পরে তদন্তে বেরিয়ে আসে ওই কর্মকর্তা ১০২ ভরি সোনা ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তবে কৌশলগত কারণে এখনই আমরা তাঁকে ধরছি না ও নাম প্রকাশ করছি না। তিনি কর্মস্থলে আছেন। যেকোনো সময় তাঁকে গ্রেপ্তার করা যাবে।’
পুলিশ জানায়, সোনা ছিনতাইয়ের ওই ঘটনায় চলতি সপ্তাহে ইফতেখার উদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ব্যবসায়ী দোলন বিশ্বাস কোতোয়ালি থানায় গিয়ে ওই ব্যক্তিকে শনাক্ত করেন। ইফতেখারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ওসি জসীম উদ্দীন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইফতেখার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হবে।
পুলিশ জানায়, ওই ছিনতাইয়ের ঘটনায় ২২ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন ব্যবসায়ী দোলন বিশ্বাস। মামলার এজাহারে বলা হয়, ছিনতাইয়ের সময় জড়িত তিন আসামি নিজেদের র্যা ব ও গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয় দেন। তাঁদের সঙ্গে ওয়্যারলেস সেট ও হাতকড়া ছিল। একজনের কোমরে পিস্তলও দেখা গেছে।