সোনা ছিনতাইয়ের মামলায় এসআইসহ তিনজনের রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বংশাল থানায় দায়ের করা সোনা ছিনতাইয়ের মামলায় বনানী থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলামসহ তিনজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ রিমান্ডের এ আদেশ দেন।

বাকি দুই আসামি হলেন আবদুর রাজ্জাক ও রেজাউল কবির।

মামলার তদন্তকারী কর্মকর্তা বংশাল থানার পুলিশ পরিদর্শক শেখ নাসিরউদ্দিন এই তিনজনকে পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে যথাক্রমে ১০ ও সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

দুই মামলার রিমান্ড আবেদনে বলা হয়, গতকাল সোমবার রেজাউল কবির নামের এক ব্যক্তি বংশালের নর্থসাউথ রোডের নিউ শুভেচ্ছা হোটেলের সামনে এলে বনানী থানার এসআই আশরাফুল ইসলাম ও আব্দুর রাজ্জাক রেজাউল কবিরের কাছে থাকা পাঁচটি সোনার বার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় রেজাউলের চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁদের দুজনকে ধরে ফেলেন। পরে তাঁদের বংশাল থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। এই ঘটনায় রেজাউলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে এবং এসআই আশরাফ ও রাজ্জাকের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা করে বংশাল থানার পুলিশ। আরও তথ্যের জন্য তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

আদালত শুনানি শেষে দুই মামলায় তিনজনের রিমান্ড মঞ্জুর করেন।