সোনাইমুড়ীতে নারী খুন
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পালপাড়া গ্রামে মারধরের শিকার এক নারী মারা গেছেন। এদিকে সেনবাগ উপজেলার পশ্চিম ইয়ারপুর গ্রাম থেকে গতকাল রোববার এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের পালপাড়া গ্রামের আবদুল বারেকের সঙ্গে জায়গাজমি নিয়ে তাঁর ভাই আবদুস সোবহানের বিরোধ চলে আসছে। গত শনিবার দুপুরে সোবহানের ছেলে তারেক লোকজন নিয়ে ওই জমিতে ধান লাগাতে যান। বারেকের মেয়ে নূপুর আক্তার এর প্রতিবাদ করেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে নূপুরকে পিটিয়ে আহত করা হয়। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে নোয়াখালী শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে রাত দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নূপুরের মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন নূপুরের লাশ বাড়িতে নিয়ে যান। গতকাল সকালে সোনাইমুড়ী থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মৃত্যুর খবর শুনে রাত আড়াইটার দিকে বিক্ষুব্ধ জনতা সোবহানের বসতঘরে অগ্নিসংযোগ করে। এতে ঘরটি পুড়ে যায়।
ঘটনার পর থেকে সোবহানের পরিবারের সদস্যরা আত্মগোপন করায় এ ব্যাপারে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জায়গাজমি নিয়ে বিরোধে নূপুর খুন হয়েছেন বলে নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের পশ্চিম ইয়ারপুর গ্রামের একটি পুকুর থেকে মো. বাহার (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত বাহারের শ্বশুর তোফায়েল আহমেদ বলেন, ছয় মাস ধরে তাঁর জামাতা পক্ষাঘাতগ্রস্ত। গত শুক্রবার সকাল থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে বাড়ির পুকুরে তাঁর লাশ ভাসতে দেখা যায়।
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার মিত্র প্রথম আলোকে বলেন, মৃতদেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।