সোনাগাজীতে অস্ত্রসহ জলদস্যু গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীর উপকূলীয় চরচান্দিয়া ইউনিয়নের ভূঞারবাজার এলাকা থেকে গতকাল শুক্রবার আগ্নেয়াস্ত্রসহ জসিম উদ্দিন (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, জসিম উদ্দিন জলদস্যু মিন্টু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। তাঁর বাড়ি চরচান্দিয়া ইউনিয়নের ভূঞারবাজার-সংলগ্ন জঙ্গলবাড়ি এলাকায়।
পুলিশ জানায়, গতকাল জঙ্গলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে জসিমকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও দুটি গুলি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মুক্তিপণ আদায়ের উদ্দেশে গত বৃহস্পতিবার রাতে জলদস্যু মিন্টু বাহিনীর সদস্য জসিম উদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী ভূঞারবাজার এলাকা থেকে ব্যবসায়ী সিরাজুল ইসলামকে অপহরণ করে। খবর পেয়ে পুলিশ চর চান্দিয়ার মদিনাবাজার এলাকায় গিয়ে অপহরণকারীদের ধাওয়া করে। পুলিশের ধাওয়ার মুখে জলদস্যুরা সিরাজুলকে পিটিয়ে আহত করে ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ সিরাজুলকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর জসিমকে ধরতে গতকাল অভিযান চালায় পুলিশ।