ফেনীর সোনাগাজীর নবাবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহিরুল আলমের বাড়িতে গতকাল মঙ্গলবার একদল যুবক ককটেল হামলা চালিয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রের ভাষ্যমতে, গতকাল দুপুরে ২০-২৫ জন যুবক পূর্ব সুলতানপুর গ্রামে বিএনপি-সমর্থিত ইউপি চেয়ারম্যান জহিরুল আলমের বাড়িতে যান। এ সময় তাঁরা বাড়ির আঙিনায় দাঁড়িয়ে চেয়ারম্যানের নাম ধরে গালাগাল করেন এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। একপর্যায়ে ওই যুবকেরা জহিরুল আলমকে আগামী ইউপি নির্বাচনে অংশ না নিতে হুমকি দিয়ে চলে যান।
ইউপি চেয়ারম্যান জহিরুল আলম বলেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তাঁর অভিযোগ, কয়েক দিন ধরে কিছুসংখ্যক যুবক তাঁকে আগামী ইউপি নির্বাচনে প্রার্থী না হতে নানাভাবে চাপ ও হুমকি দিয়ে আসছেন। এ কারণে তিনি কয়েক দিন ধরে বাড়িতে থাকছেন না।
জহিরুল আলম বলেন, তাঁর বাড়িতে ককটেল বিস্ফোরণের বিষয়টি তিনি সোনাগাজী থানার পুলিশকে জানিয়েছেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।