সোনাগাজীতে ইমামের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীর চরমজলিশপুর ইউনিয়নের বদরপুর গ্রাম থেকে গতকাল শুক্রবার বেলাল হোসেন (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন।
সোনাগাজী মডেল থানার ওসি আবু জাফর মো. সালেহ জানান, গতকাল সকালে বদরপুর গ্রামের আবুল কালামের ঘরে তাঁর ছেলে বেলাল হোসেনের (৩৫) ঝুলন্ত লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তাঁরা লাশটি ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ফেলেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়। সকালে ঘটনার সময় ঘরে পরিবারের কেউ ছিল না।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করছে, বেলালকে শ্বাস রোধ করে হত্যার পর ঘরের আড়ার সঙ্গে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে পরিবারের সদস্যরা বলছেন, বেলাল আত্মহত্যা করেছেন।
এ ঘটনায় সোনাগাজী মডেল থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।