এক যুবক ও গৃহবধূকে মারধর, দুজনের মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে গ্রাম ঘোরানো এবং চাঁদা আদায়ের অভিযোগে ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম ওরফে ভুট্টুকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে ফেনী শহরের ডাক্তারপাড়ার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। নুরুল ইসলাম উপজেলা যুবলীগেরও সাধারণ সম্পাদক।
গতকাল রোববার বিকেলে আদালতের মাধ্যমে নুরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে সকালে তাঁর সমর্থকেরা ফেনী-সোনাগাজী সড়কের বক্তারমুন্সি ডাকবাংলা ও মতিগঞ্জ এলাকায় অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা তাঁরা সড়কে অবস্থান করে বিক্ষোভ করেন। পরে পুলিশ তাঁদের ধাওয়া দিয়ে সরিয়ে দিলে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।
পুলিশ, এলাকাবাসী ও ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী, চরদরবেশ ইউনিয়নের এক গৃহবধূর কাছ থেকে প্রতিবেশী এক যুবক কিছু টাকা ধার নেন। গ্রামের কিছু বখাটে যুবক বিষয়টি জানতে পেরে তাঁদের কাছে চাঁদা দাবি করেন। তাঁরা চাঁদা দিতে অস্বীকার করেন। এতে যুবকেরা ক্ষিপ্ত হন। গত শুক্রবার বিকেলে ওই গৃহবধূ পাওনা টাকার জন্য প্রতিবেশীর বাড়িতে যান। এ সময় যুবকেরা দুজনকে ধরে মারধর করেন এবং ইউপি চেয়ারম্যানকে খবর দেন। তিনি (চেয়ারম্যান) সেখানে গিয়ে তাঁদের টেনেহিঁচড়ে পাশের মসজিদের সামনে নিয়ে আবারও মারধর করেন। একপর্যায়ে দুজনের মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে গ্রাম ঘুরতে বাধ্য করেন। এ ছাড়া ওই যুবককে এক লাখ টাকা জরিমানা করেন। শনিবার সন্ধ্যায় ওই যুবকের কাছ থেকে ১৭ হাজার টাকা আদায় করা হয়। এ ঘটনা গ্রামের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। কিন্তু ভয়ে প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পায়নি কেউ। দুজনকে লাঞ্ছিত করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়।
নুরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে চাইলে সোনাগাজী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, একজন জনপ্রতিনিধির এ কাজ করা ঠিক হয়নি।
গত শনিবার সন্ধ্যায় ওই গৃহবধূ ও যুবক সোনাগাজী থানায় ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ১০-১৫ জনকে আসামি করে পৃথক দুটি মামলা করেন। রাতেই সোনাগাজী থানা-পুলিশ চেয়ারম্যান নুরুল ইসলামকে গ্রেপ্তার করে।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর বলেন, নুরুল ইসলামের বিরুদ্ধে আরও দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।