সোনাগাজীতে খননযন্ত্র পোড়াল সন্ত্রাসীরা
ফেনীর সোনাগাজীর মুহুরী প্রকল্প এলাকায় গত রোববার রাতে একটি খননযন্ত্র (এক্সকাভেটর) পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এ সময় খননযন্ত্রের চালক ও তাঁর সহকারীকে মারধর করা হয়।
সূত্র জানায়, ইকবাল হোসেন নামের এক ব্যক্তি একটি খননযন্ত্র ভাড়ায় এনে সোনাগাজীর মুহুরী প্রকল্পের ছোট স্লুইস গেট এলাকায় বিভিন্ন ব্যক্তির পুকুর খনন করে আসছিলেন। কয়েক দিন ধরে সন্ত্রাসীরা চাঁদা দাবি করে আসছে। কিন্তু ইকবাল হোসেন চাঁদা দিতে অস্বীকার করেন।
ইকবাল হোসেন বলেন, চাঁদা না পেয়ে ১০-১২ জন সন্ত্রাসী রোববার রাতে খননযন্ত্রের চালক মো. মামুন (২৮) ও তাঁর সহকারী মো. রূপমকে (২০) পিটিয়ে যন্ত্র থেকে নামিয়ে দেয়। পরে সন্ত্রাসীরা পেট্রল ঢেলে খননযন্ত্রটি পুড়িয়ে দেয়। এ সময় চালক ও তাঁর সহকারীর চিৎকারে আশপাশের লোকজনকে আসতে দেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত চালক ও সহকারীকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ইকবাল হোসেন বলেন, খননযন্ত্রটির দাম প্রায় ২২ লাখ টাকা।
সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় ইকবাল হোসেন অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। তিনি বলেন, এ ব্যাপারে তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।