সোনাগাজীতে গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা
ফেনীর সোনাগাজীতে গত শুক্রবার রাতে আঙ্কুরের নেছা (৩৭) নামের এক গৃহবধূকে কুপিয়ে ও গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুবৃর্ত্তরা।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত শুক্রবার রাত নয়টার দিকে স্থানীয় লোকজন সোনাগাজীর পূর্ব চরচান্দিয়া বড়হদ্দারহাট এলাকায় বেড়িবাঁধের ওপর রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় আঙ্কুরের নেছাকে দেখতে পান। পরে তাঁরা সোনাগাজী থানার পুলিশকে খবর দেয়। পুলিশ তাঁকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে ওই গৃহবধূকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় রাতেই আঙ্কুরের নেছাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, আঙ্কুরের নেসার বাবার বাড়ি নদীভাঙনে বিলীন হয়ে যাওয়ার পর ওই বাড়ির লোকজন আরেকটি বাড়িতে আশ্রয় নিয়েছে। কারা কী কারণে তাঁকে হত্যার চেষ্টা করেছে সে সম্পর্কে কেউ কিছু জানাতে পারেননি।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. ছালেহ বলেন, ওই গৃহবধূর স্বামী মো. সরওয়ার রিকশাচালক। তাঁর বাড়ি দিনাজপুরে। ঘটনার পর থেকে সরওয়ার পলাতক। তিনি বলেন, ওই গৃহবধূ সুস্থ হয়ে ফিরে আসার পর ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।