সোনাগাজীতে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের লন্ডনিপাড়ায় গত মঙ্গলবার রাতে বিবি জয়নব ওরফে প্রিয়া (২০) নামের এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ওই গৃহবধূর বড় ভাই মো. আবদুল্লাহ সোনাগাজী থানায় হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামীসহ তাঁর পরিবারের সদস্যরা পলাতক। মামলায় বিবি জয়নবের স্বামী ইসমাইল হোসেন (৩০), শ্বশুর মোশারফ হোসেন (৫০), শাশুড়ি মোহছেনা খাতুন (৪৮) ও দেবর জুয়েলকে (২০) আসামি করা হয়েছে।
তিন বছর আগে উপজেলার লন্ডনিপাড়ার ইসমাইল হোসেন ওরফে মিয়াধনের সঙ্গে একই এলাকার বিবি জয়নবের (২০) বিবাহ হয়। বিয়ের পর স্বামী বিদেশে চলে যান।
পুলিশ ও পারিবারিক সূত্রের ভাষ্যমতে, স্বামী বিদেশ চলে যাওয়ার পর থেকে শ্বশুর-শাশুড়ি ও দেবর যৌতুকের জন্য বিবি জয়নবের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। বিষয়টি ইসমাইলকে জানিয়েও কাজ হয়নি। একপর্যায়ে জয়নব স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যান। একাধিক সালিস বৈঠক শেষে সমস্যার সাময়িক সমাধান হয়। এরই মধ্যে জয়নব একটি পুত্রসন্তানের মা হন। ইসমাইল দেশে ফেরার পর তাঁর ওপর অত্যাচার-নির্যাতন আরও বেড়ে যায়। এ নিয়ে পারিবারিক অশান্তি ও ঝগড়া লেগেই ছিল।
জয়নবের বাবার বাড়ির লোকজনের অভিযোগ, গত মঙ্গলবার সন্ধ্যায় ঝগড়ার একপর্যায়ে জয়নবকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার পর গাছের সঙ্গে তাঁর লাশ ঝুলিয়ে শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যান। খবর পেয়ে গৃহবধূর বাবার বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক জয়নবকে মৃত ঘোষণা করেন।
পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অসীম কুমার সাহা জানান, নিহত গৃহবধূর মাথায় আঘাতের আলামত দেখা গেছে।
সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির মামলার সত্যতা নিশ্চিত করেছেন।