সোনাগাজীতে ছয়টি আগ্নেয়াস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার
ফেনীর সোনাগাজীতে গতকাল শনিবার বিপুল পরিমাণ অস্ত্রসহ আমির হোসেন খোকন ওরফে কিলার খোকন (৩০) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সোনাগাজীর উত্তর চরচান্দিয়া গ্রামের হাজি হাফিজ উল্যা সারেংয়ের ছেলে এবং যুবলীগের স্থানীয় নেতা।
র্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সূত্রে গতকাল র্যাব সদস্যরা হাজি হাফিজ উল্যার বাড়িতে অস্ত্র ও বোমা তৈরির কাজ চলছে বলে জানতে পারেন। সকাল ছয়টায় সেখানে অভিযান চালিয়ে আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়। র্যাব ওই বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি রিভলবার, চারটি বন্দুক ও পাঁচটি পিস্তলের ব্যারেল, একটি রামদা, পাঁচটি ছোরা, একটি গুলি রাখার বেল্ট, ২৪টি চকলেট বোমা, আটটি গুলিসহ বিভিন্ন ধরনের অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেন।
স্থানীয় চরচান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম মালিক বলেন, আমির হোসেন ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তবে তাঁর বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের কোনো খবর তাঁর জানা নেই।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের উপ-অধিনায়ক জসিম উদ্দিন বিপুল পরিমাণ অস্ত্র ও বোমাসহ আমির হোসেনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, আমির হোসেন এলাকার একজন চিহ্নিত ডাকাত ও জলদস্যু। তাঁর বিরুদ্ধে সোনাগাজী থানায় একাধিক মামলা ছাড়াও বহু অভিযোগ রয়েছে।