সোনাগাজীতে জলদস্যু বাহিনীর প্রধান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে জলদস্যু আফসার বাহিনীর প্রধান ও যুবলীগের নেতা নুরুল আফসারকে অস্ত্রসহ গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব সূত্রের ভাষ্যমতে, গতকাল সোমবার ভোরে উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের উপকূলীয় ধান গবেষণা ইনস্টিটিউটের পাশে জলদস্যু বাহিনীর প্রধান আফসারকে ধরতে অভিযান চালায় র্যাব। এ সময় আফসার বাহিনীর সদস্যরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালান। র্যাব সদস্যরা পাল্টা গুলি ছোড়েন। এতে আফসার পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর মোজাম্মেল হোসেন ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বলেন, আফসারকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। পরে সেখান থেকে দুটি বিদেশি পিস্তল ও গুলি এবং একটি করে চায়নিজ কুড়াল, ধামা ও ছোরা উদ্ধার করা হয়। এ ঘটনায় আফসারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
র্যাব সূত্র জানায়, আফসারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোনাগাজী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওরফে ভুট্টু জানান, নুরুল আফসার চরছান্দিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। এর আগে তিনি ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
সোনাগাজী মডেল থানার ওসি হারুন অর রশিদ জানান, আফসারের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা আছে।