ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের আদর্শগ্রাম আশ্রয়ণ প্রকল্প এলাকায় এক বৃদ্ধাকে (৬৮) পিটিয়ে ও শরীরের একাংশের কাপড় খুলে গাছের সঙ্গে বেঁধে রাখার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গত রোববার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আদর্শগ্রাম আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দা এক বৃদ্ধার সঙ্গে প্রতিবেশী শাকেরা খাতুনের (৩২) ঝগড়া হয়। খবর পেয়ে শাকেরার স্বামী মো. সবুজ (৩৮) ও তাঁর সহযোগী রিয়াজ (১৮) এসে ওই বৃদ্ধার ওপর চড়াও হন। তাঁরা বৃদ্ধাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে বেধড়ক পিটিয়ে শরীরের একাংশের কাপড় খুলে গাছের সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে আদর্শগ্রাম তদন্তকেন্দ্রের পুলিশ বৃদ্ধাকে উদ্ধার করে।
পুলিশ জানায়, রোববার রাতে সবুজ, শাকেরা ও রিয়াজকে আসামি করে সোনাগাজী থানায় মামলা করা হয়। গত মঙ্গলবার রাতে পুলিশ সবুজ ও শাকেরাকে গ্রেপ্তার করে। অপর আসামি রিয়াজ পলাতক।
স্থানীয় সূত্রমতে, সবুজ জলদস্যু বাহিনীর সদস্য। তাঁর বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়। সেখানে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা থাকায় তিনি সোনাগাজীর আশ্রয়ণ প্রকল্প এলাকার শ্বশুরবাড়ির পাশে বসবাস শুরু করেন। আদর্শগ্রাম এলাকায় একজন প্রভাবশালী আত্মীয় থাকায় তিনি বেপরোয়া হয়ে ওঠেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, গ্রেপ্তার দুজনকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।